২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে বিশ্বের শীর্ষ টেলিকম কোম্পানি গ্রামীণফোন

সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ে গবেষণা করা সোশালবেকার্সের তথ্য অনুযায়ী, ফেইসবুকে অনুসরণকারীর সংখ্যার দিক দিয়ে বিশ্বের শীর্ষ টেলিকম কোম্পানি এখন বাংলাদেশের গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 07:35 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

ছয় কোটি ৩৮ লাখ গ্রাহকের এই মোবাইল অপারেটরের ফেইসবুক ফ্যান রয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ।     

সোশালবেকার্সের র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের টাটা ডোকোমোর ফেইসবুক ফ্যান রয়েছে ১ কোটি ২৯ লাখ। আর ১ লাখ ১২ হাজার অনুসরণকারী নিয়ে মিশরের ভোডাফোন রয়েছে তৃতীয় অবস্থানে। 

রোববার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালে ফেইসবুকে তাদের ফ্যান ছিল এক লাখ। গত কয়েক বছরে গ্রাহকদের সঙ্গে নানাভাবে যোগাযোগ তৈরির মধ্যে দিয়ে তারা নিজেদের অফিসিয়াল পেইজটিকে গ্রাহকসেবা প্ল্যাটফর্মে পরিণত করেছে।

গ্রামীণফোনের ডিরেক্টর মার্কেটিং সোলায়মান আলম বলেন, “নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদের সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে সংযুক্ত থাকার প্রচেষ্টার আরেকটি স্বীকৃতি আমাদের এই অর্জন। গ্রাহকদের জীবনে পছন্দের ডিজিটাল পার্টনার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

কেবল গ্রামীণফোন নয়, বাংলাদেশের আরও দুটি মোবাইল ফোন অপরেটর রয়েছে সোশালবেকার্সের টেলিকম র‌্যাংকিংয়ের শীর্ষ দশে।

ফেইসবুকে অনুসরণকারীর সংখ্যার দিক দিয়ে এ তালিকায় বাংলালিংকের অবস্থান চতুর্থ; আর রবি আছে ছয় নম্বরে।