বস্ত্র ও পোশাক শিল্পসংশ্লিষ্ট ৩ প্রদর্শনী শুরু বৃহস্পতিবার
বস্ত্র ও পোশাক শিল্পের যন্ত্রপাতি, সুতা, কাপড়, রঙ, কাঁচামাল ও রাসায়নিকের সমাহার নিয়ে বৃহস্পতিবার ঢাকায় বসছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী।
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) একই ছাদের নিচে ‘বিগটেক্স ২০১৭’, ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেব্রিক অ্যান্ড ইয়ার্ন এক্সপো ২০১৭’ ও ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডাইজ, পিগম্যান্টস অ্যান্ড কেমিকাল এক্সপো ২০১৭’ নামের প্রদর্শনীগুলো চলবে রোববার পর্যন্ত, যা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে আয়োজক রেড কার্পেট থ্রিসিক্সটিফাইভ লিমিটেড।
জানানো হয়, যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়া থেকে মোট ১২টি দেশ থেকে বস্ত্র ও পোশাক শিল্পের সাথে জড়িত সব ধরনের যন্ত্রপাতি, প্রযুক্তি ও এক্সেসরিজ উৎপাদনকারী, সরবরাহকারী, ডিলার ও আমদানিকারকরা এই প্রদর্শনীতে অংশ নেবে।
এই প্রদর্শনী বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের নতুন বাজার সৃষ্টি করবে বলে আশা ব্যক্ত করেন রেড কার্পেট থ্রিসিক্সটিফাইভ লিমিটেডের সিইও আহমেদ ইমতিয়াজ।
তিনি বলেন, “প্রতি তিনজন ইউরোপীয়র মধ্যে একজন বাংলাদেশে তৈরি টিশার্ট পরেন এবং প্রতি পাঁচজন আমেরিকানের মধ্যে একজন বাংলাদেশে তৈরি ডেনিম জিন্স পরেন। দেশের বস্ত্র ও পোশাক খাতের এই অগ্রযাত্রা ধরে রাখা প্রয়োজন, আশা করি এই প্রদর্শনীর মাধ্যমে দেশি প্রস্তুতকারক, ডিলার ও সরবরাহকারীরা বিদেশি আমদানিকারক, ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে পরিচিত হবার সুযোগ পাবেন।”
সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ যুগ্ম সচিব (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন বলেন, “বিশ্বে বাংলাদেশের মোট রপ্তানির সবচেয়ে বড় অংশ আসে পোশাক খাত থেকে, সেই সাথে পুরো বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়।
“এই স্থান টিকিয়ে রাখতে ও তীব্র প্রতিযোগিতা মোকাবেলার জন্য আমাদের বস্ত্র ও পোশাক খাতকে ভ্যালু অ্যাডেড ও হাইএন্ড পোশাক প্রস্তুত ও রপ্তানিতে সক্ষমতা অর্জনের দিকে মনোযোগ দিতে হবে।”
পণ্য ও যন্ত্রাংশ প্রদর্শনীর পাশাপাশি দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার ও চাকরি মেলাও থাকবে এই আয়োজনে।
