অটোব্রিকস কারখানা স্থাপনে চীনা কোম্পানির সঙ্গে হেক্সাগনের চুক্তি
দেশের বাজারে ক্রমবর্ধমান সিরামিক অটোব্রিকসের চাহিদার যোগান দিতে হেক্সাগন চীনা কোম্পানি এসওয়াইএসের সহায়তায় একটি সম্পূর্ণ অটোব্রিক কারখানা স্থাপন করতে যাচ্ছে।
সম্প্রতি এডিসন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হেক্সাগন টেকনোলজিস লিমিটেডের সঙ্গে চীনের সরকারি প্রতিষ্ঠান এসওয়াইএস (সিসেপ ওরিয়েন্টাল শুয়াংগিয়াশান বিল্ডিং ম্যাটেরিয়াল্স ইকুইপমেন্ট কোম্পানি) এর র্যাংগস বেবিলোনিয়ায় (এডিসন গ্রুপের সদর দপ্তর) এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
এডিসন গ্রুপ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কারখানার পরিচালনগত সব ধরনের প্রকৌশল ও প্রযুক্তিগত সহায়তা দেবে এসওয়াইএস।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হেক্সাগন টেকনোলজিসের চেয়ারম্যান জাকারিয়া শহীদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ আকবর ভূঁইয়া এবং এসওয়াইএসের পক্ষে চেয়ারম্যান কেং বেইলিং ও চীনা দূতাবাসের সেকেন্ড অফিসার এল ভি ইয়াং উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাহমুদ আকবর ভূঁইয়া জানান, মুন্সীগঞ্জের মাওয়া রোডে ধলেশ্বরী নদীর তীরে ৩৫ বিঘা জমির উপর তাদের এই কারখানা হবে ফুল অটো সিস্টেমের টানেল প্রযুক্তির। সম্পূর্ণ পরিবেশবান্ধব এ ধরনের কারখানাকে বলা হয় ফুল গ্রিন প্রজেক্ট। প্রাথমিকভাবে ৮ মিলিয়ন ডলারের এই প্রকল্পে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে ২০১৮ সালের ডিসেম্বরে।
কারখানায় প্রতিদিন ন্যূনতম ১ লাখ ১০ হাজার উন্নতমানের সিরামিক ইটের সঙ্গে বিভিন্ন প্রকারের টাইল্স্ উৎপাদন করা যাবে, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে।
