২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগের সুযোগ রয়েছে পর্তুগালে: রাষ্ট্রদূত

ইউরোপের দেশ পর্তুগালে বস্ত্র, চামড়া ও সিরামিক শিল্পে বিনিয়োগের সুযোগ নিতে বাংলাদেশি ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন সে দেশে বাংলাদেশের রাষ্টদূত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2017, 10:52 PM

Updated : 19 Aug 2022, 06:01 PM

বৃহস্পতিবার রাজধানীর ফেডারেশন ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক।

এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, পরিচালক তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু এবং এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব হোসাইন জামিল বৈঠকে ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, পর্তুগালে বসবাসকারী বাংলাদেশিরা সেদেশে বেশ প্রভাব এবং সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। ব্যবসায়ী নেতারা চাইলে কাছাকাছি সময়ের মধ্যে পর্তুগাল গিয়ে সেদেশের ব্যবসা বাণিজ্য- পরিস্থিতি ঘুরে দেখতে পারেন।

দেশের দ্রুতবর্ধনশীল অর্থনৈতিতে বেসরকারি খাতের ভূমিকা তুলে ধরে ব্যবসায়ী নেতা শফিউল বলেন, চামড়া, সিরামিক ও অন্যান্য সম্ভাবনাময় খাতে পর্তুগাল এবং বাংলাদেশের যৌথ বিনিয়োগের ক্ষেত্র রয়েছে।

২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ ওভেন গার্মেন্টস, নীটওয়্যার, হিমায়িত মাছ, শুকনো খাবার, পাট ও পাটজাত পণ্য, চামড়া, প্লাস্টিক এবং সিরামিক পণ্যসহ বিভিন্ন খাত থেকে ৮০ দশমিক ৫১ মিলিয়ন ডলারের পণ্য পর্তুগালে রপ্তানি করেছে।

ওই বছরে পর্তুগাল থেকেও এই দেশে এসেছে ৪ দশমিক ৫০ মিলিয়ন ডলারের পণ্য। আমদানি করা পণ্যের মধ্যে রয়েছে প্রক্রিয়াজাত খাবার, কেমিকাল পণ্য ও তেল সামগ্রী।