বুধবার শুরু হচ্ছে প্রথম কৃষিভিত্তিক চাকরির মেলা
দেশের কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে প্রথম কৃষিভিত্তিক চাকরির মেলা ‘অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো’।
যুক্তরাজ্য সরকার, এসডিজি ও ডানিডার অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের কৃষিভিত্তিক উন্নয়ন ও গবেষণা প্রকল্প পরিচালনাকারী ‘সুইসকন্ট্যাক্ট ক্যাটালিস্ট’ এবং কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) আয়োজন করছে এ মেলার।
বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে কেআইবির সভাপতি এএমএম সালেহ জানান, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে দৃঢ় বন্ধন তৈরি করতেই তারা এ আয়োজন করতে যাচ্ছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সংশ্লিষ্ট খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর বিশেষজ্ঞ ও পেশাদারদের দ্বারা বিভিন্ন সেশন ও চাকরি মেলার আয়োজন থাকবে দুই দিনব্যাপী এ ক্যারিয়ার এক্সপোতে। শতাধিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ও খাত এক্সপোতে অংশগ্রহণের জন্য স্টল বুকিং দিয়েছে।
ক্যারিয়ার এক্সেপোতে উপস্থিত থেকে বিভিন্ন সেশনে অংশগ্রহণের মাধ্যমে চাকরিপ্রার্থীরা চাকরির সুযোগের পাশাপাশি নিজেদের ঘাটতি উন্নয়নের দিকনির্দেশনা পাবেন বলে মনে করেন এ কৃষিবিদ।
সংবাদ সম্মেলনে ‘অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো’র আহ্বায়ক কৃষিবিদ সমীর চন্দ বলেন, “এ ক্যারিয়ার এক্সপোতে ইতিমধ্যে সাড়ে চার হাজার নবীন কৃষিবিদ রেজিস্ট্রেশন করেছেন। শুধু চাকরির সুযোগ নয়, এখানে ৬টি সেশন অনুষ্ঠিত হবে যেখানে চাকরিপ্রার্থীরা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের প্রশিক্ষণ পাবেন।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে ৩০ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত মেলা চলবে।
২৯ নভেম্বর এর উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামাল উদ্দিন আহাম্মেদ।
পরদিন ৩০ নভেম্বর দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আকবর আলী।
সংবাদ সম্মেলনে ক্যাটালিস্টের ব্যবস্থাপক জিবি বানজারা, কেআইবির ভারপ্রাপ্ত মহাসচিব মাকসুদ আলম মুকুট, সিনিয়র সহ-সভাপতি শহীদুর রশীদ ভূঞা উপস্থিত ছিলেন।
