বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালসকে দেড় কোটি ডলার ঋণ দিচ্ছে ডিইজি
প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডকে (বিবিএমএল) এক কোটি ৫০ লাখ ডলার ঋণ সহায়তা দিচ্ছে জার্মানির বিনিয়োগ ও উন্নয়ন সংস্থা-ডিইজি।
বৃহস্পতিবার প্রাণ-আরএফএল গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যুৎসাশ্রয়ী এলইডি বাল্ব, বৈদ্যুতিক পাখার নতুন প্রোডাকশন লাইন নির্মাণসহ প্রতিষ্ঠানটির সামগ্রিক উৎপাদন সক্ষমতা বাড়াতে এই ঋণ নেওয়া হচ্ছে।
বুধবার রাজধানীর একটি হোটেলে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও ডিইজির আঞ্চলিক পরিচালক জোসেন স্টেইনবুচ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঋণ চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, “ডিইজিকে আমাদের পথচলায় সহযোগী হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের এ সহায়তায় নতুন উৎপাদন লাইন নির্মাণ হলে সহজেই ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে পারব।”
বিবিএমএল মানসম্পন্ন কিচেন সামগ্রী, বাথরুম ফিটিংস ও বিভিন্ন ধরনের পাইপ উৎপাদন করে আসছে। বর্তমানে বিবিএমএলে কাজ করছেন প্রায় চার হাজার কর্মী।
নতুন বিনিয়োগের ফলে আরও দেড় হাজার কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন আহসান খান।
ডিইজির আঞ্চলিক পরিচালক জোসেন স্টেইনবুচ বলেন, “প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভাল। আমরা প্রতিষ্ঠানটির বর্তমান উৎপাদন ক্ষমতা বাড়াতে এ সহায়তা দিচ্ছি, যা বাংলাদেশের শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপক (করপোরেট ফাইন্যান্স) মো. ইস্রাফীল, ডিইজির পরিচালক (পোর্টফোলিও ম্যানেজমেন্ট) এন্তে স্টেইনার ও বিনিয়োগ ব্যবস্থাপক ফ্লোরিয়ান বোর্গমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
