২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লেদারটেক বাংলাদেশ’ শুরু, সম্পর্ক উন্নয়নে জোর ব্যবসায়ীদের

রাজধানীতে চামড়াজাত পণ্য, চামড়া শিল্পের যন্ত্রাংশ ও প্রযুক্তির প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ’ শুরু হয়েছে।

রিফাত রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 04:27 PM

Updated : 11 Oct 2022, 02:44 PM

প্রদর্শনীর শুরুর দিনেই দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়, যা এ খাত সংশ্লিষ্টদের ‘যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের’ মাধ্যমে দেশের চামড়া শিল্পকে আরও এগিয়ে নেবে বলছেন তারা।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) তিন দিনব্যাপী প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ ২০১৭’ এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

চামড়া, চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, কেমিকেল ও অ্যাকসেসরিজের সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হচ্ছে প্রদর্শনীতে।

পঞ্চম বারের মতো আয়োজিত লেদারটেকের এবারের আসরে ১৫টি দেশের আড়াইশটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

প্রদর্শনীতে বাংলাদেশ, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, ভিয়েতনাম, মিশর, তুরস্ক, কোরিয়া, শ্রীলংকা ও হংকংয়ের স্টল ছাড়াও প্যাভিলিয়নের একটা বড় অংশ জুড়ে রয়েছে ভারত ও চীনের বিভিন্ন কোম্পানি।

চীনের জংশিন টেকনোলজি কোম্পানি লিমিটেডের প্রতিনিধি টনি ইয়াং বলেন, “এই প্রদর্শনীর সবচেয়ে মজার দিক হল- এখানে একজন বিক্রেতা একইসঙ্গে একজন ক্রেতা, আবার একজন ক্রেতাও এখানে বিক্রেতা হয়ে উঠতে পারে।

“আমাদের প্রতিষ্ঠান চামড়া শিল্প সংশ্লিষ্ট যাবতীয় পণ্য তৈরি করে থাকে। এই প্রদর্শনীতে আমরা যেমন আমাদের পণ্যের প্রচার করছি, তেমনি আমরাও যন্ত্রাংশ ও কাঁচামালের একজন ভালো যোগানদাতা খুঁজছি, যোগাযোগ বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য।”

প্রদর্শনীতে এসেছিলেন প্রধানমন্ত্রীর ফুপাত ভাই ও প্রোটেক্স গ্রুপের চেয়ারম্যান নাজমুল হাসান সেরনিয়াবত। তার কোম্পানি চামড়ার ব্যাগ ও জুতা তৈরি করে থাকে।

তিনি বলেন, “আমি আমার প্রতিষ্ঠানের জন্য কাঁচামাল খুঁজতে এসেছি। আমরা যারা এই শিল্পে আছি, তাদের জন্য এরকম প্রদর্শনী উপকারী।”

বাংলাদেশে সম্ভাবনাময় চামড়ার বাজার রয়েছে জেনে আগ্রহী হয়ে প্রদর্শনীতে এসেছে চীনের চামড়াজাত পণ্য আমদানি-রপ্তানি প্রতিষ্ঠান ওলডা।

প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ম্যাগি চ্যান বলেন, “আমরা বাংলাদেশের বাজার যাচাই ও ‘এক্সপ্লোর’ করতে এসেছি। বাংলাদেশে পণ্য রপ্তানি নিয়ে আমাদের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে।”

একইকথা উঠে আসে ভারতের বিটি পলিমারস প্রাইভেট লিমিটেডের মালিক প্রশান্ত মল্লিকের কথায়।

তার প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ না নিলেও বিশ্বের বিভিন্ন দেশের চামড়াজাত পণ্য, যন্ত্রাংশ ও কাঁচামালের এই প্রদর্শনী ঘুরে দেখতেই কলকাতা থেকে এসেছেন প্রশান্ত।

“এই প্রদর্শনীতে আসার উদ্দেশ্য মূলত তিনটি, চামড়ার ব্যবসার ‘এক্সপ্লোর’ করা, পণ্য ‘এক্সপ্লোর’ করা ও বাংলাদেশের বাজার সম্পর্কে ধারণা নেওয়া,” বলেন ২০ বছরের বেশি সময় ধরে চামড়া খাতে জড়িত এই ভারতীয়।

প্রদর্শনীর আরেক দর্শনার্থী থাই ইন্টারন্যাশনালের মালিক হুমায়ুন কবির বলেন, “আমাদের প্রতিষ্ঠান বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে দেশের কারখানাগুলোতে যোগান দিয়ে থাকে। একই ছাদের নিচে একসঙ্গে অনেক কোম্পানি পাওয়া যায় বলে প্রতিবছর এই প্রদর্শনীতে আসি।”

প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে, যা চলবে শনিবার পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীর আয়োজক আসক ট্রেড অ্যান্ড এক্সিভিশন্স লিমিটেডের পরিচালক নন্দ গোপাল কে, পরিচালক টিপু সুলতান ভূঁইয়া ও লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) নির্বাহী পরিচালক কাজী রওশন আরা উপস্থিত ছিলেন।