সিরামিক এক্সপো শুরু ৩০ নভেম্বর
দেশের প্রথম আন্তর্জাতিক সিরামিক পণ্যের প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ৩০ নভেম্বর থেকে।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) এক সংবাদ সম্মেলনে তিনদিন ব্যাপী সিরামিক এক্সপোর ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা জানান, বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠেয় এ প্রদর্শনীতে ১৩টি দেশের ৬০টি কোম্পানি অংশ নিচ্ছে।
“আয়োজনে দুশর মতো আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নেবেন, থাকবে তাদের ৫০টির অধিক নতুন ব্র্যান্ডের প্রদর্শনী।”
তিনি বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটাকে দেশীয় ও আন্তর্জাতিকভাবে জানান দিতে চাই। গত কয়েক বছরে আমরা ৩০০ শতাংশ এগিয়ে গেছি। ৫০টির মতো দেশে বাংলাদেশের সিরামিক পণ্য রপ্তানি হয়ে থাকে।”
কাঁচামালের ‘সহজলভ্যতা’ ও ‘কম মজুরির’ শ্রমিক পাওয়ার কারণে এই এগিয়ে যাওয়ার পেছনের শক্তি হিসাবে অভিহিত করেন সিরাজুল মোল্লা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এ সময় অন্যদের মধ্যে বিসিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি মইনুল ইসলাম, সহসভাপতি এম এ জব্বার, সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন, পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম উপস্থিত ছিলেন।
