২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষ পোশাক শ্রমিক তৈরিতে সিবাই

চার দশক আগে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু হলেও এতদিন এ খাতে প্রশিক্ষিত দক্ষ শ্রমিক পাওয়া গেছে সামান্যই। সেই অভাব ঘুচাতে কাজ শুরুর এক বছরে প্রায় ছয় হাজার মানুষকে দক্ষ করে কর্মক্ষেত্রে যুক্ত করেছে ‘সেন্টার অফ এক্সেলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ’-সিবাই।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 04:32 PM

Updated : 11 Oct 2022, 02:44 PM

বাংলাদেশের তৈরি পোশাক খাতে অধিকতর মূল্যসংযোজনের লক্ষ্যে ২০১৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিবাই উদ্বোধন করেন। তবে ২০১৬ সালের জুলাইতে ঢাকার আশুলিয়ায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে হাতে-কলমে প্রশিক্ষণের কাজ শুরু করে সিবাই।

সিবাইয়ের প্রধান নির্বাহী (সিইও) সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব উদ্দিন আহমেদ জানান, প্রতিষ্ঠার পর থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত তাদের প্রশিক্ষণ নিয়ে ৫ হাজার ৭৬৩ জন শ্রমিক বিভিন্ন কারখানায় কাজে যোগ দিয়েছে।

পোশাকখাতের উন্নয়নে দেশ-বিদেশি উদ্যোগে স্থাপিত প্রশিক্ষণ কেন্দ্র সিবাই প্রতিষ্ঠার শুরু থেকেই স্বল্প শিক্ষিত কর্মহীন নারী-পুরুষদের পোশাক শিল্পের সুইং মেশিন অপারেটর হিসাবে গড়ে তোলায় জোর দেয়।

পোশাক শিল্পের কাজ না জানা অদক্ষদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়িয়ে সনদ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি পোশাক কারখানায় বিভিন্ন মেয়াদে কাজের অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিকদেরও দক্ষতা যাচাই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে সনদ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

কোনো ধরনের কারিগরি সনদ না থাকলেও কারখানাগুলোর বিভিন্ন স্তরে কেবল অভিজ্ঞতার জোরে কাজ করছেন অনেকে। এ ধরনের দক্ষ শ্রমিকদের দুইদিনের অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে সনদ দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশিক্ষণ ও পরীক্ষা নিয়ে কারিগরি শিক্ষাবোর্ড স্বীকৃত সনদ দিচ্ছে সিবাই।

সিবাইয়ের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে ঢাকার আশুলিয়ায়। এছাড়া ইউসেপ, মুসলিম এইড এবং বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাশাপাশি এখন পর্যন্ত ১০টি পোশাক কারখানায় এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং বা ইবিটি সেন্টার স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

সিবাই সিইও আফতাব উদ্দিন আহমেদ বলেন, সিবাইয়ের বাইরে স্থাপিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোর প্রশিক্ষকরা সিবাইয়ের প্রশিক্ষণ পেয়েছেন। কারখানাগুলোর অদক্ষ শ্রমিকরা এই সেন্টারে প্রশিক্ষণ নিয়ে দক্ষ শ্রমিকের স্বীকৃতি পায়, পাশাপাশি তাদের বেতনও বাড়ে।

তিনি জানান, এ পর্যন্ত আশুলিয়ায় সিবাইয়ের প্রশিক্ষণ কেন্দ্র থেকে সরাসরি প্রশিক্ষণ নিয়েছে ৮০৩ জন। ইউসেপ, মুসলিম এইড ও বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ৯৯০ জন এবং ১০টি ইবিটি সেন্টার থেকে চার হাজার ১৫ জন প্রশিক্ষণ নিয়েছে।

এছাড়া গত ১৪ মাসে ৬৬ জন কারখানা সুপারভাইজারকে লিডারশিপ প্রশিক্ষণ ও সনদ এবং ৪০০ দক্ষ শ্রমিককে পরীক্ষণ শেষে সনদ দেওয়ার কথা জানিয়েছে সিবাই কর্তৃপক্ষ।

সব মিলিয়ে প্রায় সাত হাজার পোশাক শ্রমিক সিবাইয়ের মাধ্যমে প্রশিক্ষণ অথবা তাদের অভিজ্ঞা সনদ পেয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

কারখানার ফটক থেকে সিবাই

সিবাইয়ের প্রধান নির্বাহী আফতাব উদ্দিন বলেন, দক্ষতার অভাবে কারখানার অপারেটর পর্যায়ে পৌঁছাতে পারেননি কিংবা চাকরি চেয়েও পাননি এমন জনশক্তিকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করেন তারা।

হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির রয়েছে ১৫১টি সেলাই মেশিন। চারটি শ্রেণি কক্ষ, পাঁচজন প্রশিক্ষক নিয়ে দুই শিফটে ২২০ জনকে একাধারে প্রশিক্ষণ দেওয়া যাচ্ছে।

প্রশিক্ষণ চলা অবস্থায় অনেক শ্রমিক ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ভালো বেতনে চাকরি পেয়ে বিভিন্ন কারখায় চলে যাচ্ছেন। আবার যাদের প্রশিক্ষন শেষ হয় সিবাইয়ের পক্ষ থেকে তাদের চাকরিতে যুক্ত করে দেওয়া হয়।

সম্প্রতি আশুলিয়ায় সিবাইয়ের প্রশিক্ষণ কেন্দ্রে কথা হয় কয়েকজন প্রশিক্ষণার্থীর সঙ্গে।

তাজমা নামের ১৮ বছর বয়সী এক নারী প্রশিক্ষণার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার পরিবারের কয়েকজন সদস্য আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করছেন। কাজের অভিজ্ঞতা না থাকায় কয়েকটি কারখানায় ঘুরেও তিনি চাকরি পাননি। পরে পরিচিতদের কাছে খবর পেয়ে সিবাইয়ের প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হন।

দীর্ঘ এক মাসের প্রশিক্ষণে সেলাইয়ের অনেক কৌশল রপ্ত করার কথা জানিয়ে তাজমা বলেন, আর একমাস প্রশিক্ষণ শেষ হলেই তারা সার্টিফিকেট পাবেন। কোনো একটি কারখানায় চাকরির ব্যবস্থা করা হবে বলেও সিবাইয়ের পক্ষ থেকে আশ্বাস পেয়েছেন তিনি।

রংপুর থেকে আসা অষ্টম শ্রেণি পাস যুবক সোহেল মিয়া বলেন, সিবাই থেকে প্রশিক্ষণ নিয়ে তার বড় ভাই একটি পোশাক কারখানায় চাকরি করছেন। তার পরামর্শে তিনিও এসে ভর্তি হয়েছেন প্রশিক্ষণে।

কোনো ধরনের বেতন ছাড়াই প্রশিক্ষণ দেয় সিবাই। দুই মাসের একটি কোর্সে অংশ নেওয়াদের প্রতি মাসে দুই হাজার করে টাকা দেওয়া হয় বলে জানান কর্মকর্তারা।

সিবাইয়ের প্রশিক্ষণার্থী তাসলিমা আক্তার বলেন, ২০১৩ সালে এসএসসি পাশ করার পর এক পোশাক শ্রমিকের সঙ্গে বিয়ে হয় তার। সম্প্রতি কারখানায় চাকরি করার সিদ্ধান্ত নেওয়ার পর সিবাইয়ের প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হন তিনি।

তার স্বামীও এই কারখানা থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন বলে জানান তাসলিমা।

প্রশিক্ষণে ভালো পারিশ্রমিক

সিবাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদের দক্ষতার প্রশংসার পাশাপাশি তাদের ভালো পারিশ্রমিক দেওয়া হয় বলে জানান বিভিন্ন কারখানার ব্যবস্থাপকরা।

আশুলিয়ায় ন্যাচারাল ডেনিম নামের একটি কারখানার মানবসম্পদ, কম্প্লায়েন্স অ্যান্ড এডমিন বিভাগের ব্যবস্থাপক অনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পোশাক কারখানায় নিয়োগের ক্ষেত্রে শ্রমিকদের দক্ষতা একটা বড় সমস্যা। অদক্ষ শ্রমিকদের হাতে মেশিন দেওয়া যায়না। তাদের বেতনও থাকে পাঁচ হাজার টাকার নিচে।

“কিন্তু সিবাই বা এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র থেকে হাতে কলমে শিখে আসা কর্মীদের সরাসরি মেশিন অপারেটর হিসাবে নিয়োগ দেওয়া যায়। তাদের বেতনও থাকে ছয় হাজার দুইশ থেকে সাত হাজার টাকা।”

সিবাই সিইও আফতাব উদ্দিন বলেন, “একজন শ্রমিক যখন অদক্ষ শ্রমিক হিসাবে কোনো কারখানায় যুক্ত হয়, তখন তার পদবি থাকে লাইনম্যান।  এক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার ২০০ টাকা বেতন পায় তারা।

“আর প্রশিক্ষণ শেষ তারা সার্টিফিকেটধারী দক্ষ শ্রমিক হিসাবে চাকরিতে যুক্ত হয়। তখন তাদের বেতন হয় ছয় হাজার ২০০ টাকার ওপরে। অর্থাৎ শুরু থেকেই তারা এক হাজার টাকা বেশি পায়।”

সিবাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত একাধিক কর্মীকে নিয়োগ দেওয়ার কথা জানিয়ে ন্যাচারাল ডেনিমের কর্মকর্তা অনিক বলেন, তিনি নিজেও কিছুদিন আগে মিড লেভেল ম্যানেজমেন্ট বিভাগের প্রশিক্ষণ নিয়েছেন। দুজন শ্রীলঙ্কান অধ্যাপকসহ অনেক দেশ বিদেশি প্রশিক্ষক তাদের প্রশিক্ষণ দিয়েছেন।

“এই প্রশিক্ষণ থেকে এমন কিছু জেনেছি, যা আমার দীর্ঘদিনের চাকরি জীবনে শিখতে পারিনি। একজন ম্যানেজারের কাজের পরিধি যে কত বিস্তৃত হতে পারে- তা জেনেছি এই প্রশিক্ষণ থেকে।”

বিভিন্ন পর্যায়ে ১৮ জন ব্যবস্থাপক ও কর্মকর্তার অধীনে অন্তত আট হাজার পোশাক কর্মী কাজ করেন ন্যাচারাল ডেনিমে। কর্মীদের প্রশিক্ষণের ক্ষেত্রে ভবিষ্যতে সিবাইয়ের সঙ্গে একযোগে কাজ করবেন বলে জানান অনিক।

“ভবিষ্যতে সিবাই চাইলে সেখানে কর্মীদের প্রশিক্ষণের জন্য পাঠাব। আবার সেখান থেকে প্রশিক্ষণ নেওয়া কেউ এলে পদ খালি থাকা সাপেক্ষে অবশ্যই ন্যাচারাল ডেনিমে চাকরি পাবে,” বলেন অনিক।

সিবাইয়ের লক্ষ্য ও চ্যালেঞ্জ

আন্তর্জাতিক শ্রমসংস্থা (আইএলও), সুইডিশ সরকার এবং আন্তর্জাতিক পোশাক বিপণনকারী প্রতিষ্ঠান হেন্স অ্যান্ড মরিটজের (এইচএন্ডএম) আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রতিষ্ঠিত সিবাইয়ের সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

প্রকল্পের অধীনে সিবাই ও আরও ১০টি কারখানায় অদক্ষ ও স্বল্প দক্ষ থেকে দক্ষ শ্রমিক তৈরি করতে কারিগরি ও আর্থিক সহায়তা দিয়েছে আইএলও।

আইএলও বাংলাদেশের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা স্টিভ নিধাম বলেন, পোশাক শ্রমিকদের দক্ষতা বাড়াতে জাতীয় শিক্ষানীতির আলোকে সিবাই প্রশিক্ষণের পাঠ্যসূচি ও শিক্ষা উপকরণ তৈরি করা হয়েছে।

শ্রমিক প্রশিক্ষণের পাশাপাশি সিবাই ভবিষ্যতে পোশাক খাত নিয়ে গবেষণা ও যে কোনো ধরনের উদ্ভাবনে নেতৃত্ব দিতে চায় বলে জানান সংস্থাটির প্রধান নির্বাহী আফতাব উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “শ্রমিক প্রশিক্ষণ, মধ্যম পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি পোশাক খাত নিয়ে গবেষণা, উচ্চমূল্যের পোশাক নিয়ে গবেষণা, ফ্যাশন এবং ট্রেন্ড নিয়ে নিজস্ব উদ্ভাবন দাঁড় করানোর ওপর গুরুত্বে দেবে সিবাই।

“ভবিষ্যতে পোশাক শিল্পের সঙ্গে জড়িত অন্যান্য দেশ থেকেও যেন এই প্রতিষ্ঠানের গবেষণার সহায়তা নেওয়া হয়, এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে সিবাইকে।”

তবে এজন্য চ্যালেঞ্জও রয়েছে সংস্থাটির।

দেশি-বিদেশি দাতা অর্থায়নে কার্যক্রম চালিয়ে আসার পর আসছে ডিসেম্বরে বিদেশি দাতাদের সহযোগিতার মেয়াদ শেষ হবে। তখন থেকে নতুন পরিকল্পনা নিয়ে এগোবে সিবাই।

এ বিষয়ে সিবাইয়ের শীর্ষ কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, “একটি প্রতিষ্ঠানকে টেকসই ও দীর্ঘমেয়াদি সক্ষমতা অর্জন করতে হলে অবশ্যই আত্মনির্ভরশীল হতে হবে। সেক্ষেত্রে অবশ্যই নিজের আয়ের ওপর চলার পদ্ধতি দাঁড় করাতে হবে।

“এই প্রশিক্ষণ কেন্দ্র তো দেশের পোশাক খাতের উন্নয়নের জন্য। এখানে অনেক বড় বড় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে, যারা সামাজিক দায়বদ্ধতা ও এই খাতের ভবিষ্যতের জন্য এখানে বিনিয়োগ করতে পারেন। প্রতিষ্ঠানের নিজস্ব কিছু আয়ের খাতও ধীরে ধীরে দাঁড় করানো হবে।”

তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা দেশ হিসেবে বাংলাদেশে সিবাইয়ের মতো প্রশিক্ষণকেন্দ্র সময়ের দাবি বলে ভাষ্য আফতাবের।