ব্যবসায়ীদের অনলাইনে সেবা দিতে এটুআই-এফবিসিসিআই সমঝোতা
ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনলাইন সেবাকেন্দ্রের মাধ্যমে সরকারি সেবা দিতে সমঝোতা স্মারক সই করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
রোববার এফবিসিসিআই সম্মেলন কক্ষে সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানানো হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসাইন জামিল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ব্যবসা-সংক্রান্ত বিভিন্ন সেবা সরকারের বিভিন্ন দপ্তর থেকে দেওয়া হয়। এসব সেবা প্রাপ্তির নির্ধারিত একটি স্থান না থাকায় ব্যবসায়ীদের প্রচুর সময় ও অর্থ ব্যয় হয় এবং অনেক ক্ষেত্রে ভোগান্তির শিকারও হতে হয়।
“এইসব সেবা একটি সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদানে এটুআই প্রোগ্রাম একটি পোর্টাল বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে। এ সমঝোতা স্মারকের মাধ্যমে একটি ব্যবসা-বাতায়ন বা জিটুবি পোর্টাল প্রস্তুত করা হবে। এই বাতায়ন হবে ব্যবসায়ীগণের সকল ধরনের সেবা গ্রহণের জন্য একটি অনলাইন সেবাকেন্দ্র।”
এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম ও এটুআইয়ের পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।
এ সময় অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মুন্তাকিম আশরাফ, এটুআই প্রোগ্রামের ডিরেক্টর (ই-সার্ভিস) ড. মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
