ভারত-বাংলাদেশ চেম্বারে মাতলুবের সঙ্গে নতুন দুই সহ-সভাপতি
আবদুল মাতলুব আহমেদ ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম শোয়েব চৌধুরী ও সঞ্জয় কৈলাশ মুন্সি।
মাতলুব আহমেদ বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি। তিনি এর আগেও ভারত-বাংলাদেশ চেম্বারের সভাপতি দায়িত্ব পালন করেছেন।
আইবিসিসিআইয়ের ১৬ সদস্যের পরিচালনা পর্ষদে নিটোল মোটরস লিমিটেডের চেয়ারম্যানের সহযোগী হিসেবে সহ-সভাপতি পদে আসা এম শোয়েব চৌধুরী এইচএসটিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা। আর সঞ্জয় কৈলাশ মুন্সি এশিয়ান কনজিউমার কেয়ার লিমিটেডের কান্ট্রি ম্যানেজার।
শনিবার আইবিসিসিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, দুইদিন আগে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
নতুন কমিটিতে সান ফার্মাসিউটিক্যালস (বাংলাদেশ) লিমিটেডের নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার রায় মহাসচিব, কোয়ালিটি এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর আবদুল ওয়াহেদ যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সুলতান আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
নতুন নির্বাচিত বোর্ডের অন্য সদস্যরা হলেন- ভারতীয় স্টেট ব্যাংকের অভিজিৎ চক্রবর্তী, ফাতুল্লাহ ইস্পাত রোলিং মিলের মোহাম্মদ আলী, এমআরবি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঞ্জয় পাল, টাটা মোটরস লিমিটেডের জিতেন্দ্র বাহাদুর, ম্যাকস অ্যাটায়ারের ফার্কুন্দ জাবীন খান, ইন্ডিফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের অভিষেক দাস, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি) বিডি লিমিটেডের অরূপ দাসগুপ্ত, কনফারেনস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সিইএমএস) লিমিটেডের মেহেরুন নেসা ইসলাম, গ্রিন টেক্সটাইল লিমিটেডের তানভীর আহমেদ এবং সিয়াট একেখান লিমিটেডের ভেনুগোপাল নম্বিকার্কিল চেলেপ্পন পিল্লাই।
