২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত গতির ইন্টারনেটে প্রসার ঘটবে ই-কমার্সের: পলক

ই-কমার্স খাতে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সাফল্যে উচ্ছ্বসিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামীতে ইউনিয়ন পর্যায়ে হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে গেলে বাংলাদেশে ই-কমার্সের বাজারটি আরও বড় হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 11:25 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

বুধবার সন্ধ্যায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর তিন বছর পূর্তির আয়োজনে এসে তিনি ই-কমার্স উদ্যোক্তাদের আশ্বাস দিয়ে জানান, তথ্য-প্রযুক্তি বিভাগের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রিনিয়ারশিপ একাডেমি থেকে উদ্যোক্তারা ৫০ লাখ থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পেতে পারেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, “ই-কমার্সের বাজার বড় করতে সর্বপ্রথমে দরকার ইন্টারনেটের সহজলভ্যতা। দ্রুত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট যখন ইউনিয়ন পর্যায়ে আমরা পৌঁছে দেব, তখন ইন্টারনেটের প্রডাক্টিভ ব্যবহার আরও বেড়ে যাবে। ই-কমার্স খাতে আরও কোটি কোটি উদ্যোক্তা তৈরি হবে।”

তিনি জানান, ফেইসবুক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ই-কমার্স খাতে উদ্যোক্তা তৈরি করতে ১০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেবে আইসিটি বিভাগ।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ই-কমার্স খাতে ঋণ সুবিধা দিতে অনাগ্রহী তখন আইসিটি বিভাগ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন পলক।

পরে তিনি বলেন, ই কমার্স খাতে গৃহীত পলিসিগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের চূড়ান্ত অনুমোদন পেলে ই কমার্স খাতটি নিয়ে আরও উদ্যোগ নেবে আইসিটি বিভাগ।

ই-ক্যাবের অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক  ই-ক্যাবের সঙ্গে কো-ব্র্যান্ডেড কার্ড চালুর ঘোষণা দেয়। ই-ক্যাব সদস্যরা এই ডুয়েল-কারেন্সি কার্ডটি বিনামূল্যে পাবেন। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই ই-ক্যাব সদস্যরা এই কার্ডের জন্য নিবন্ধন করতে পারবেন। এ কার্ডের মাধ্যমে দেশ ও দেশের বাইরে আকর্ষণীয় রেটে লেনদেন করতে পারবেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আনিস এ খান, ই ক্যাবের উপদেষ্টা শমী কায়সার, ই ক্যাবের সভাপতি রাজীব আহমেদ।

বাংলাদেশের ই-কমার্স খাতের সমস্যা চিহ্নিত করা ও তা সমাধানে করণীয় বিষয়ে সুপারিশ প্রদানের মাধ্যমে দেশের ই-কমার্স খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধনের লক্ষ্যে ২০১৫ সালে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) যাত্রা শুরু হয়েছিল।