ই-কমার্সকে এগিয়ে নিতে নীতি প্রণয়নের পরামর্শ
ই-কমার্স খাতের সম্ভাবনাকে এগিয়ে নিতে ব্যবসা-বান্ধব নীতিমালা প্রণয়নের পরামর্শ দিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ই-কমার্স ইন বাংলাদেশ: এ স্টোরি অব স্লো অ্যাডাপটেশন অ্যান্ড সাকসেস’ শীর্ষক কর্মশালায় এ পরামর্শ উঠে আসে।
কর্মশালায় বিগত কয়েক বছরে দেশে অনলাইনভিত্তিক ব্যবসার প্রসার এবং এ খাতে ব্যাপকভাবে উদ্যোক্তাদের অংশগ্রহণের চিত্র তুলে ধরে এ খাতে ‘পেমেন্ট সিস্টেম’, ডেলিভারি ও নিরাপত্তাসহ অন্যান্য সংশ্লিষ্ট দিকে গুরুত্ব দিয়ে নীতিমালা প্রণয়ন করা উচিৎ বলে মন্তব্য করা হয়।
কর্মশালার সমন্বয়ক এফবিসিসিআইয়ের পরিচালক ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) পরিচালক শমী কায়সার ব্যবসা-বান্ধব নীতিমালার উপর গুরুত্বারোপ করে বলেন, “প্রয়োজনীয় সহায়তা পেলে ই-কমার্স খাত বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের মতো অবদান রাখতে পারবে। আমাদের নীতিমালা প্রয়োজন।”
এফবিসিসিআই ও ফ্রেডরিখ নুউম্যান ফাউন্ডেশনের (এফএনএফ) যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ই-কমার্স খাতে সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে করা এক গবেষণা পত্র উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক রিসার্চ প্ল্যাটফর্ম প্রকল্প পরিচালক নুহিন খান।
তিনি বলেন, “২০১৬ সালে এই খাতে বার্ষিক টার্নওভার ছিল ২৫ বিলিয়ন টাকা, যা বাংলাদেশের মোট জিডিপির এক শতাংশ।”
সহায়ক নীতিমালা, ইন্টারনেট ব্যবহারের সুযোগের অভাব, অনলাইনে অর্থ পরিশোধে জটিলতা, নিরাপত্তা ও পণ্য ‘ডেলিভারি’ সংশ্লিষ্ট সমস্যাকে এই খাতের বিকাশে ‘মূল প্রতিবন্ধকতাসমূহ’ বলে জানান তিনি।
কর্মশালায় এফবিসিসিআইয়ের সাধারণ সম্পাদক হুসেইন জামিল, এফএনএফের কান্ট্রি রিপ্রেজেন্টিভ ড. নাজমুল হোসেন, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদসহ সংগঠনগুলোর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
