২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ারটেলের সঙ্গে ফোরজি স্মার্টফোন আনল নোকিয়া

বাংলাদেশের বাজারে সাশ্রয়ী মূল্যের চতুর্থ প্রজন্মের (ফোরজি) স্মার্টফোন ‘নোকিয়া টু’ উদ্বোধন করল এইচএমডি গ্লোবাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 03:40 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের এয়ারটেল ব্র্যান্ডের সঙ্গে হ্যান্ডসেটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

দীর্ঘ ব্যাটারি লাইফের পাশাপাশি বাংলাদেশের বাজারে প্রথম ৯ হাজার ৬০০ টাকা মূল্যে ৫ ইঞ্চি এইচডি (হাই ডেফিনেশন) ডিসপ্লেসহ ফোরজি স্মার্টফোন নিয়ে আসা হয়েছে বলে দাবি নোকিয়ার।

অনুষ্ঠানে জানানো হয়, ভয়েস, ডেটা ও কন্টেন্টের সমন্বয়ে এয়ারটেলের বান্ডল অফারের সাথে ডিভাইসটি উদ্বোধন করা হয়েছে, যাতে গ্রাহকরা একইসঙ্গে হ্যান্ডসেটটির সুবিধা এবং এয়ারটেলের অফার এই দুইয়ের সমন্বয়টি উপভোগ করতে পারেন।

বান্ডেল অফারের আওতায় রয়েছে ৩০০ মিনিট ভয়েস কল এবং ৯ জিবি ডেটা। এর মধ্যে ৬ জিবি যে কোনো ইন্টারনেট ব্রাউজিং এবং বাকি ৩ জিবি এয়ারটেল টিভি ও এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যপের জন্য প্রযোজ্য।

এ অফারটি হ্যান্ডসেট কেনার দিন থেকে প্রথম তিন মাস উপভোগ করা যাবে। এয়ারটেলের অফারটি প্রতি মাসের প্রথম ১৫ দিন উপভোগ করতে পারবেন গ্রাহকরা, এতে গ্রাহকদের সাশ্রয় হবে ১ হাজার ৮৫০ টাকা।

এয়ারটেলের বান্ডেল অফারসহ নোকিয়া টু ফোরজি স্মার্টফোনটি এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার ও নোকিয়া ডিভাইস বিক্রি করে এমন রিটেইল আউটলেটগুলোতে পাওয়া যাবে। পিউটার/ব্ল্যাক, পিউটার/হোয়াইট ও কপার/ব্ল্যাক কালারের হ্যান্ডসেট থেকে নিজের পছন্দেরটি বেছে নিতে পারবেন গ্রাহকরা।

এইচএমডি গ্লোবালের রিজিওনাল জেনারেল ম্যানেজার (থাইল্যান্ড অ্যান্ড ইমার্জিং এশিয়া) সান্দিপ গুপ্তা বলেন, “নোকিয়া টুতে আমরা দীর্ঘস্থায়ী ব্যাটারির পাশাপাশি ইউনিক এনড্রয়েড সংযোজন করেছি, যা নোকিয়ার কাছ থেকে গ্রাহকরা প্রত্যাশা করেন।

“নোকিয়া টুর প্রত্যেকটি দিক; যেমন ডিসপ্লে থেকে ব্যাটারি, চিপসেট থেকে সিস্টেম ডিজাইন পর্যন্ত এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এগুলো শক্তিশালী ব্যাটারি থেকে যতটা সম্ভব কম শক্তি ব্যবহার করে, দীর্ঘস্থায়ী সেবা দিয়ে গ্রাহকদের মন জয় করতে পারে।”

উদ্বোধনী অনুষ্ঠানে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “যেহেতু আমরা দেশে ফোরজি প্রযুক্তি চালুর জন্য সাগ্রহে অপেক্ষা করছি, তাই গ্রাহকরা যেন এর সুফল উপভোগ করতে পারেন, সে পারিপার্শ্বিকতা নিশ্চিত করাই আমাদের প্রথম লক্ষ্য। সে দিক থেকে এয়ারটেলের বান্ডেল অফার নিয়ে দুই দিনের ব্যাটারি লাইফসহ সাশ্রয়ী মূল্যের এ ফোরজি স্মার্টফোনটি গ্রাহকদের জন্য যথেষ্ট আকর্ষণীয় হবে বলে আমাদের বিশ্বাস।”

৪ হাজার ১০০ এমপিয়ার আওয়ার ব্যাটারি এবং ৫ ইঞ্চি এলটিপিএস এলসিডি এইচডি ডিসপ্লেসহ তৈরি এ হ্যান্ডসেটটি চোখের জন্য আরামদায়ক বলে জানায় নোকিয়া

৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরায় রয়েছে অ্যাটোমেটিক সিন ডিকেটশন ও অটো ফোকাস, যার মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময়ই পাবেন আকর্ষণীয় ছবি। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে গ্রাহকরা যে কোনো দিক থেকে ছবি তুলতে পারবেন।

নোকিয়া ইনকর্পোরেশনের নিবন্ধিত ট্রেডমার্ক হলো নোকিয়া। অ্যান্ড্রয়েড, গুগল ও অন্যান্য মার্কগুলো গুগুল ইনকর্পোরেশনের ট্রেডমার্ক।