২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের অংশগ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এক আলোচনা অনুষ্ঠান থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 08:40 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

সোমবার ঢাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে ‘পার্টনারিং ফর রিডিউসড ইনইকুয়্যালিটিস: হাউ বিজনেস ক্যান কন্ট্রিবিউট টু দ্য ইউএন এসজিডি’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় বক্তারা বিষয়টিতে গুরুত্ব দেন।

ইউএনডিপি বাংলাদেশ এর প্রজেক্ট অ্যাডভাইজর ও এসজিডি লিড ফখরুল আহসান বলেন, “বর্তমানে বাংলাদেশের সার্বিক উন্নয়নে বেসরকারি খাতের অবদান আছে ৭৮ শতাংশ, আর তাই এ খাতকে বাদ দিয়ে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না।”

তিনি বলেন, ইউএনডিপি সরকারি ও বেসরকারি খাতকে সম্মিলিতভাবে কাজ করার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, ফলে উভয় খাত নিজেদের চাহিদাগুলো নিয়ে আলোচনা করে দেশের উন্নয়নের লক্ষ্যে সে অনুযায়ী নীতি নির্ধারণ করতে পারবে।”

ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ও কোঅর্ডিনেটর থমাস জর্জ বলেন, “সমান্তরাল গতিতে বাংলাদেশের সব এলাকা এগোতে পারছে না, আর তাই স্থানীয় চাহিদা অনুযায়ী এসডিজির কার্যক্রম পরিচালনা করা উচিৎ।” 

ফরেন ইনভেসটরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) প্রেসিডেন্ট রূপালী চৌধুরী বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের উদ্যোক্তাদের সফলতার গল্পগুলো প্রচারের উপর জোর দেন।

ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনাল এর স্ট্র্যাটেজি, কমিউনিকেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট এর সিনিয়র ডিরেক্টর আসিফ সালেহ মনে করেন, উন্নয়নের জন্য বেসরকারি খাতের চাহিদার উপর গুরুত্ব দিতে হবে, তাই ভবিষ্যত উন্নয়নের চাহিদা পূরণে দক্ষ জনবল তৈরিতে কাজ করছে তার সংস্থা।

ডি-নেট বাংলাদেশ এর সিইও অনন্য রায়হান সরকারি সম্পদ ব্যবহারে বেসরকারি উদ্যোক্তাদের সুযোগ বাড়ানোর সুপারিশ করেন।

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, “প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে দেশের মানুষ ও উদ্যোক্তাদের জন্য আমাদের সুযোগ তৈরি করতে হবে, যাতে তারা বাজারের নতুন বাস্তবতার সম্মুখীন হতে পারে। যদি মানুষের কাজ না থাকে তাহলে বড় সেবাদাতা প্রতিষ্ঠানেরও কোনো কাজ থাকবে না।” 

সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এর পলিসি অ্যাডভাইজর অনির চৌধুরী সরকারি-বেসরকারি সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, “মুনাফা অর্জনের লক্ষ্যে বেসরকারি খাত বিনিয়োগ করে বলে তারা সরকারি প্রতিষ্ঠানগুলোর তুলনায় দক্ষতার সঙ্গে কাজ করে থাকে এবং সম্পদের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করে।”

অনুষ্ঠানে এসজিডি ১০ কার্যকরে টেলিনরের লক্ষ্যমাত্রা তুলে ধরেন টেলিনর গ্রুপ এর হেড অফ সাসটেইনাবিলিটি মাই ওল্ডগার্ড।

গ্রামীণফোনের সাসটেইনাবিলিটি উইক এর আওতায় এই প্যানেল আলোচনা হয়। যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করে গ্রামীণফোন লিমিটেড এবং টেলিনর গ্রুপ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন টেলিনর গ্রুপের সাসটেইনেবিলিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ওলা ইয়ো টান্দ্রে।

গত সপ্তাহে টেলিনর গ্রুপের সিইও ও প্রেসিডেন্ট সিগভে ব্রেক্কে সাসটেইনাবিলিটি উইক এর উদ্বোধন করেন। প্রতিষ্ঠানটির কর্মী এবং অন্যান্য অংশীদারদের মধ্যে প্রতিষ্ঠানটির টেকসই উদ্যোগগুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই পদক্ষেপ।