বিসিকের হেমন্ত মেলায় কারুপণ্যের সমাহার
মধ্য হেমন্তের মনোরম পরিবেশে নগরে কারুপণ্যের মেলা বসিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
রাজধানীর মতিঝিলে বিসিকের প্রধান কার্যালয়ে রোববার থেকে শুরু হয়েছে পাঁচ দিনের এই হেমন্ত মেলা।
হাতের কারুকাজ আঁকা বিভিন্ন ধরনের পোশাক, নকশিকাঁথা, তাঁত ও জামদানি শাড়ি, পাটজাত হস্তশিল্প, মধু, খাদ্যজাত সামগ্রীসহ হস্ত ও কুটির শিল্পজাত পণ্যের বিপুল সমারোহ ঘটেছে মেলা প্রাঙ্গণে।
এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলাকালে বিসিকের জয়নুল আবেদিন প্রদর্শনকক্ষে কারুশিল্পীদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে চলছে কারুশিল্প প্রদশর্নী।
বিসিকের তথ্য মতে, মেলায় হস্ত ও কুটির শিল্প পণ্যের ৫০টি স্টল স্থান পেয়েছে। কোনো টিকেটমূল্য ছাড়াই দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখতে এবং কেনাকাটা করতে পারছেন।
বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার সকালে মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন। বিসিকের প্রধান নকশাবিদ বেগম মনোয়ারা খাতুন, পরিচালক (নকশা ও বিপণন) মো. রেজাউল করিম, বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কারুশিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান বলেন, মেলায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন পণ্যসামগ্রী উৎপাদনের উপর গুরুত্ব দিতে হবে। সেজন্য বিসিক থেকে কারুশিল্পীদের সব ধরনের সেবা-সহায়তা দেওয়া হবে।
বিসিক নকশা কেন্দ্রের মাধ্যমে ব্লক, বাটিক প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, পুতুল তৈরি, মৃৎশিল্প, প্যাকেজিং, বাঁশ-বেতের কাজ, পাটজাত হস্তশিল্প, চামড়াজাত পণ্য, ধাতব শিল্প, বুনন শিল্প ও ফ্যাশন ডিজাইনের উপর এ পর্যন্ত ২৮ হাজার ৫৩৮ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
