২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিদ্যুৎ, কৃষিতে বিনিয়োগে আগ্রহী চীনের ব্যবসায়ীরা

বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রি, কৃষি, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন চীনের উত্তরাঞ্চলীয় জিলিন প্রদেশের ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 08:36 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

রোববার মতিঝিল ফেডারেশন ভবনে বাংলাদেশি ব্যবাসায়ীদের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে সম্ভাব্য সুযোগগুলো নিয়ে আলোচনা করেন তারা।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর আয়োজনে এই বৈঠকে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন জিলিন প্রদেশের বাণিজ্য বিভাগের ডেপুটি ডিরেক্টর সুন গুয়াহুয়া।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা বৈঠকে ছিলেন।

আলোচনায় এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনা বিনিয়োগের অবদান অনেক বেশি। ২০১৭ সালে বাংলাদেশে চীন ৬৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এর মধ্যে পোশাক খাতেই রয়েছে ২০ শতাংশ বিনিয়োগ।

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের প্রধান পাট উৎপাদনকারী দেশ। এছাড়া দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক, তৃতীয় বৃহত্তম সবজি উৎপাদনকারী, তৃতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ বাংলাদেশ। এছাড়া পশ্চিমা বিশ্বের অনেক দেশেই ডিউটি ফ্রি সুবিধা পাচ্ছে বাংলাদেশ।

“সুতরাং বাংলাদেশ চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের অন্যতম লক্ষ্য হতে পারে। কৃষি, নির্মাণ, বিদ্যুৎ, মাঝারি শিল্প, চিকিৎসা খাতে চীনা ব্যবসায়ীরা ইতোমধ্যেই তাদের আগ্রহের কথা জানিয়েছেন। বাংলাদেশের ব্যবসায়ীরাও চাইলে সুবিধা মতো চীনে বিনিয়োগ করতে পারেন।”

বৈঠকে দ্বি চীনা ব্যবসায়ীদের পক্ষ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার, অটো পার্টস, কৃষি যন্ত্রপাতি, নির্মাণ সামগ্রি, সোলার প্লান্ট নির্মাণসহ ইত্যাদি খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানানো হয়।

আর বাংলাদেশে ব্যবসায়ীদের পক্ষ থেকে পাট, কৃষিপণ্য, প্লাস্টিক পণ্য, চিংড়ি, হিমায়িত অন্যান্য মাছ চীনে রপ্তানি করার আগ্রহের কথা জানানো হয়।

চীনা প্রতিনিধিদলের নেতা জিলিন প্রদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজতে বাংলাদেশের ব্যবসায়ীদের সফরের আমন্ত্রণ জানান।