২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালীর লন্ডন শাখার সাবেক সিইওকে নিয়ে দুদকের চিঠি

অ্যান্টি মানি লন্ডারিং প্রতিকারমূলক কর্ম পরিকল্পনা (আরএপি) লঙ্ঘন করায় সোনালী ব্যাংক লন্ডন শাখার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান প্রধানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন।

তাবারুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 12:39 AM

Updated : 19 Aug 2022, 05:53 PM

আতাউর রহমান বর্তমানে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, তার এই পদে থাকা ‘নৈতিকতা পরিপন্থি’ বলেও মনে করে কমিশন।

এই বিষয়ে সুনির্দিষ্ট নথিপত্র চেয়ে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটি চিঠি পাঠিয়েছে দুদক।

চিঠিতে অ্যান্টি মানিলন্ডারিং বিষয়ে আরএপি বাস্তবায়ন না করায় যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কনডাক্টিং অথরিটির (এফসিএ) করা সোয়া ৩৩ কোটি ২৫ লাখ টাকা জরিমানা কোন খাত থেকে পরিশোধ করা হয়েছে, সেই বিষয়েও জানতে চাওয়া হয়।

চিঠিতে আরও বলা হয়, আরএপি লঙ্ঘনের দায়ে এফসিএ আতাউর রহমান প্রধানকে ৭০ হাজার পাউন্ড ব্যক্তিগত জরিমানা করে, যা তিনি আর পরিশোধ করেননি বলে এতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদক থেকে আমাকে কোনো চিঠি দেওয়া হয়নি। কেউ যোগাযোগও করেনি। শুনেছি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটি চিঠি দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “এ বিষয়ে আমার বক্তব্য হলো এফসিএ যে জরিমানা করেছে সেটি মানি লন্ডারিং-এর জন্য নয়; ১০ বছর আগে ২০০৭ সালে এফসিএ সোনালী ব্যাংক লন্ডন শাখা পরিদর্শন করে কিছু গাইডলাইন প্রদান করেছিল। সে অনুযায়ী সে সময় একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছিল।

ওই অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন না করার কারণেই জরিমানা করা হয়েছিল।”

ওই সময় লন্ডনের দায়িত্বে ছিলেন না জানিয়ে আতাউর বলেন, “আমি ২০১২ সালের ৩০ মার্চ সোনালী ব্যাংক লন্ডন শাখার প্রধান হিসেবে যোগ দিই। ২০১৫ সালের ৮ মে পর্যন্ত দায়িত্ব পালন করি। ২০১৪ সালে জরিমানা করা হলেও আমি দায়িত্ব নেওয়ার আগের সময়ের ঘটনার জন্য করা হয়।

“দুদকের চিঠিতে আমাকে ৭০ হাজার পাউন্ড ব্যক্তিগত জরিমানার যে কথা বলা হয়েছে, তা পুরোপুরি মিথ্যা। আমি চ্যালেঞ্জ করছি, আমাকে কোনো জরিমান করা হয়নি।”

কী কারণে এমন অভিযোগ করা হচ্ছে- এ প্রশ্নের উত্তরে আতাউর বলেন, “রাষ্ট্রায়ত্ত দ্বিতীয় বৃহত্তম ব্যাংক জনতা ব্যাংকে নতুন এমডি নিয়োগ দেওয়া হবে। সেখানে আমার নাম আছে…। আমি যাতে জনতার এমডি হতে না পারি, সে কারণে কোনো মহল আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করতে পারে।”

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো দুদকের চিঠিতে বলা হয়, এন্টি মানিলন্ডারিং ইস্যুতে সোনালী ব্যাংক লন্ডন শাখায় এফসিএ ২০০৭ সালে পরিদর্শন করে কিছু গাইড লাইন দেয়। সে অনুযায়ী আরএপি তৈরি করা হয়। ওই সময় ব্যাংকটির যুক্তরাজ্য শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন খন্দকার ইকবাল আহমেদ। ২০১২ সালের মার্চ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। এরপর এই পদে যোগ দেন আতাউর রহমান। ২০১৫ সালের ৮ মে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।

চিঠিতে বলা হয়, ২০১৪ সালে পুনরায় ব্যাংকটির লন্ডন শাখা পরিদর্শন করে অ্যান্টি মানি লন্ডারিং ইস্যুতে আরএপি বাস্তবায়ন না করার বিষয়ে ‘মারাত্মক ত্রুটি’ পায় এফসিএ। এই কারণে ব্যাংকটিকে ৩৩ কোটি ২৫ লাখ টাকা (৩.২৫ মিলিয়ন পাউন্ড) জরিমানা করে প্রতিষ্ঠানটি।

চিঠিতে আরও বলা হয়, আরএপি লঙ্ঘনের দায়ে এফসিএ একই সাথে আতাউর রহমান প্রধানকে ৭০ হাজার পাউন্ড ব্যক্তিগত জরিমানা করে, যা তিনি আর পরিশোধ করেননি।

দুদকের এক অনুসন্ধানের কথা তুলে ধরে চিঠিতে বলা হয়, “সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে এফসিএ’র করা জরিমানা পরিশোধ হয়।”

আতাউর রহমান প্রধান ব্যাংকের সর্বোচ্চ পদে থেকে দায়িত্ব পালনে ‘ব্যর্থ’ হওয়ায় জনগণের অর্থের অপচয় হয়েছে বলেও মনে করে দুদক।

জনগুরুত্বপূর্ণ বিবেচনায় অনুসন্ধানের ‘স্বার্থে’ ওইসব তথ্য জরুরি ভিত্তিতে দিতে চিঠিতে অনুরোধ করা হয় আর্খিক প্রতিষ্ঠান বিভাগকে।