এয়ারবাসে ‘ডাবল বেড’ নিয়ে আসছে সিঙ্গাপুর এয়ারলাইনস
মাটি থেকে ৩৯ হাজার ফুট উঁচুতে উড়ন্ত আকাশযানে কত বেশি বিলাসের আয়োজন করা যায়- প্রতিযোগিতাটা সেইখানে।
সেই প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলার চেষ্টায় এশিয়ার বিমান পরিবহন সংস্থা সিঙ্গাপুর এয়ারলাইনস তাদের এয়ারবাস এ৩৮০ এর সুপারজাম্বো জেট বহরের নতুন কেবিন ডিজাইন প্রকাশ করেছে বৃহস্পতিবার।
কী থাকছে সেই কেবিনে?
সিএনএন মানি এক প্রতিবেদনে জানিয়েছে, ডাবল বেড, সুইভেল চেয়ার আর ওয়রড্রোবের আয়োজন থাকছে এসব উড়োজাহাজের প্রথম শ্রেণির প্রাইভেট স্টেইটরুমে।
নতুন কেবিন নকশায় এয়ারবাস এ ৩৮০ তে সুপরিসর ছয়টি স্যুইট রাখছে সিঙ্গাপুর এয়ারলাইনস। সেখানে থাকবে ৩২ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন টিভি, ভ্যানিটি কাউন্টার; আরামদায়ক আসবাবগুলো থাকবে চামড়ায় সজ্জিত।
আর বিজনেস ক্লাসের মাঝের সারিতে ভ্রমণরত জুটিদের জন্য মাঝের ডিভাইডার গুটিয়ে পুরোপুরি শোয়া যায়- এমন ডাবল বেড বানিয়ে ফেলার ব্যবস্থা থাকবে।
সিএনএন লিখেছে, সিঙ্গাপুর এয়ারলাইনস তাদের বহরে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস এ৩৮০ চালু করেছিল এক দশক আগে। কিন্তু বিলাসের আয়োজনে মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী দুবাইয়ের এমিরেটস আর আবু ধাবির ইতিহাদের চেয়ে পিছিয়ে পড়েছে তারা।
এর মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইনসের নতুন কেবিন নকশা নিয়ে আসাকে প্রতিযোগিতায় তাদের শীর্ষস্থান পুনরুদ্ধারের চেষ্টা হিসেবে দেখছেন এভিয়েশন বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটগ্লোবালের ব্যবস্থাপনা সম্পাদক গ্রেগ ওয়াল্ডরন।
আর গবেষণা সংস্থা ক্রুশিয়াল পারস্পেকটিভের বিশ্লেষক কোরাইন পেং বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছিল, কারণ তাদের অফারগুলো একঘেয়ে হয়ে যাচ্ছিল। প্রতিদ্বন্দ্বীরাও তাদের ধরে ফেলেছিল।
এমিরেটস তুলনামূলক কম খরচে আরামদায়ক সেবা দেওয়ায় তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠছিল না সিঙ্গাপুর এয়ারলাইনস। নতুন পরিকল্পনা বাস্তবায়নে তাদের খরচ হবে ৮৫ কোটি ডলার।
ওয়াল্ডরন বলেন, সিঙ্গাপুর এয়ারলাইনস তাদের এয়ারবাস এ ৩৮০ এর যে নতুন নকশা দেখিয়েছে, তাতে প্রথম শ্রেণির স্যুইটে আগের চেয়ে কম রাখা হয়েছে। এর ফলে ইকোনমি সিটের সংখ্যা বাড়বে। তাতে যাত্রীপ্রতি খরচ কমে আসা উচিত।
“এরকম বিলাসবহুল স্যুইটে প্রচার ভালো হয়, মিডিয়ায় শিরোনামে আসা যায়। কিন্তু তার টিকেটের যে দাম হয়, তা বেশিরভাগ যাত্রীর নাগালের বাইরে থাকে।”
