২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাং মোবাইলে স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার

স্যামসাং মোবাইল বাংলাদেশ সম্প্রতি ‘নেভার মাইন্ড’ নামে একটি অফার ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 04:43 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

কোম্পানিটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ,গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে, গ্যালাক্সি এ, গ্যালাক্সি সি, গ্যালাক্সি অন এবং ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস ও গ্যালাক্সি নোট সিরিজের স্মার্টফোন কিনে অফারটি উপভোগ করতে পারবেন।

এই অফারে গ্রাহকরা ফোন কেনার ১২ মাসের মধ্যে একবার বিনামূল্যে ভাঙা স্ক্রিন বদলানোর সুযোগ পাবেন। এ বছরের ২৮ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট মডেলের ফোন কেনার মাধ্যমে অফারটি উপভোগ করা যাবে।

স্যামসাং গ্যালাক্সি গ্রাহকদের প্রত্যাশা পূরণ করতে এবং গ্রাহক সুবিধা নিশ্চিত করতে স্যামসাং মোবাইল বাংলাদেশ প্রথমবারের মতো গ্রাহক সুবিধা-কেন্দ্রিক ‘নেভার মাইন্ড’ অফারটি নিয়ে এসেছে।

অফার সম্পর্কে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “আমরা সবসময় গ্রাহক সুবিধা-কেন্দ্রিক উদ্ভাবনের ওপর জোর দেই; গ্রাহকদের জন্য অনন্য পণ্য ও সেবা সরবরাহ করে থাকি, যা স্যামসাংকে বাংলাদেশের অন্যতম সেরা স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত করেছে।

“নেভার মাইন্ড অফারটি স্যামসাংয়ের জন্য গ্রাহকদের ভালোবাসা ও বিশ্বাসের প্রতি আমাদের সম্মান জানানোর একটি প্রয়াস।”

অফারটি পেতে গ্রাহককে অফার চলাকালীন নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনার ৭২ ঘণ্টার মধ্যে অফার চালু করতে হবে।

যে সব গ্রাহক ফোন কিনে অফার চালু করবেন, প্রত্যেকেই অফার চালু হওয়ার নিশ্চয়তা সংক্রান্ত একটি এসএমএস পাবেন। যারা এসএমএসটি পাবেন তারা ‘ওয়ান টাইম ব্রোকেন স্ক্রিন রিপ্লেসমেন্ট’ সুবিধাটি উপভোগ করতে পারবেন।

এই সুবিধাটি পাওয়ার জন্য ফোন কেনার সময় ফোনের মডেল ভেদে অতিরিক্ত ১০০ থেকে ৯০০ টাকা দিতে হবে। নতুন এই অফারটি স্যামসাং-এর নির্ধারিত সকল শো-রুম থেকে উপভোগ করা যাবে।