চালকদের প্রশিক্ষণ দিলো ডিএইচএল
নিরাপদ সড়ক আন্দোলন ‘নিসচা’র সঙ্গে মিলে চালকদের প্রশিক্ষণ দিয়েছে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএইচএল জানায়, বাংলাদেশে স্বেচ্ছায় নিরাপদ সড়ক সম্পর্কিত কর্মকাণ্ডের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। নিসচার সঙ্গে নিরাপদ সড়ক সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিতে বেশ কয়েকটি কর্মসূচিতে এক হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএইচএল।
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিসচার প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ যানবাহন চালনা ও ট্রাফিক আইন সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ডিএইচএলের কর্মীরা তাদের সময় ও জ্ঞান আদান-প্রদান করেছেন।
ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নুরুদ্দিন চৌধুরী বলেন, “দেশে নিরাপদ সড়ক সম্পর্কিত ইতিবাচক প্রভাব ফেলার লক্ষ্যে উক্ত কর্মসূচিতে অংশ নিতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত। বাংলাদেশে নিরাপদ সড়কের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং তরুণ চালকদের প্রশিক্ষণ দেওয়ার মতো কর্মসূচিতে অংশ নিতে পেরে আমরা গর্বিত।”
