ক্রাউন সিমেন্টের নতুন সিইও মাসুদ খান
ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের সিইওর সাবেক উপদেষ্টা মাসুদ খান।
ক্রাউন সিমেন্ট গ্রুপ লিমিটেডের এজিএম (ব্র্যান্ড) মো. সারোয়ার আলম চৌধুরী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
চট্টগ্রামের চুনাটি গ্রামে জন্ম নেওয়া মাসুদ খান কলকাতায় স্কুলের পাঠ চুকিয়ে সেখানকার সেন্ট জেভিয়ারস কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।
কলকাতায় আর্টিকেল অ্যাসিসটেন্ট হিসেবে প্রাইসওয়াটারহাউজ কুপারসে কর্মজীবন শুরুর পর তিনি ভারতের চার্টার্ড একাউনটেন্টস ইনস্টিটিউট থেকে র্চাটার্ড একাউনটেন্টসি এবং ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস একাউনটেন্টস অফ ইন্ডিয়া থেকে কস্ট একাউনটেন্টসি ডিগ্রি অর্জন করেন।
দেশে বিদেশে কয়েকটি বহুজাতিক কোম্পানিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ৩৮ বছর কর্মরত ছিলেন মাসুদ খান। এর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, মনরোভিয়া টোবাকো কর্পোরেশন, লাইবেরিয়া রয়েছে।
দেশে লার্ফাজ হোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তার উপদেষ্টা পদে আসার একই প্রতিষ্ঠানের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন তিনি।
গ্ল্যাক্সোস্মিথকেলাইন বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মতো তিন বহুজাতিক কোম্পানি এবং একটি দেশীয় ভিয়েলাটেক্স গ্রুপের সতন্ত্র পরিচালক হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি দি ইনস্টিটিউট অফ র্চাটার্ড একাউনটেন্টস অফ বাংলাদেশের অতিথি শিক্ষক হিসেবেও কাজ করছেন মাসুদ খান।
ক্রাউন সিমেন্ট গ্রুপে যোগদান বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশের অন্যতম বৃহৎ দেশীয় শিল্প প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট গ্রুপে যোগদানের মাধ্যমে আমি নতুন কর্মজীবন শুরু করছি।
“ক্রাউন বাংলাদেশের অত্যন্ত খ্যাতনামা ও বিশ্বস্ত একটি ব্র্যান্ড। আমি বিশ্বাস করি, সামনের দিনগুলিতে ক্রাউন এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। ক্রাউন পরিবারের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত।”
