২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসার পরিবেশ সূচক: এক বছরে পিছিয়েছে বাংলাদেশ

বিশ্ব ব্যাংকের বিচারে ব্যবসার পরিবেশ সূচকে বাংলাদেশের স্কোর সামান্য বাড়লেও গত এক বছরে সার্বিক অবস্থানে এক ধাপ পিছিয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 12:39 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

বিশ্ব আর্থিক খাতের মোড়ল বিশ্ব ব্যাংক গ্রুপের ‘ডুয়িং বিজনেস ২০১৮’ প্রতিবেদনে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ১৭৭ নম্বরে। গতবছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৬ নম্বরে ছিল।

একটি দেশের অর্থ-বাণিজ্যের পরিবেশ দশটি মাপকাঠিতে তুলনা করে এই সূচক তৈরি করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি বুঝতে ব্যবহার করা হয়েছে ঢাকা ও চট্টগ্রামের তথ্য।

এই দশটি মাপকাঠি হল- নতুন ব্যবসা শুরু করা, অবকাঠামো নির্মাণের অনুমতি পাওয়া, বিদ্যুৎ সুবিধা, সম্পত্তির নিবন্ধন, ঋণ পাওয়ার সুযোগ, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য, চুক্তি বাস্তবায়ন ও দেউলিয়া হওয়া ব্যবসার উন্নয়ন সহজীকরণ।

এসব মাপকাঠিতে বাংলাদেশের মোট স্কোর গতবছরের ৪০.৮৪ থেকে বেড়ে এবার ৪০.৯৯ হয়েছে।

সূচকের সবগুলো মাপকাঠিতে এবার বাংলাদেশের স্কোর বাড়লেও নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে পরিস্থিতির অবনতি হয়েছে। চুক্তি বাস্তবায়ন, বিদ্যুৎ সুবিধা ও সম্পত্তির নিবন্ধনের দিক দিয়ে সূচকে বাংলাদেশের অবস্থান অনেক পেছনে; ১৯০টি দেশের মধ্যে যথাক্রমে ১৮৯, ১৮৫ ও ১৮৫ নম্বরে।  

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নতুন ব্যবসা শুরু করার খরচ বেড়েছে। জয়েন্ট স্টক কম্পানিতে নিবন্ধনের খরচ বেড়ে গেছে। কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য সূচকেও বাংলাদেশ বেশ পিছিয়ে আছে।

ডুয়িং বিজনেস ২০১৮

# গতবারের মতই এ সূচকে সবচেয়ে ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। একশর মধ্যে দেশটির স্কোর ৮৬.৫৫।

# শীর্ষ দশের বাকি দেশগুলো হগল- সিঙ্গাপুর (৮৪.৫৭), ডেনমার্ক (৮৪.৬), দক্ষিণ কোরিয়া (৮৩.৯২), হংকং (৮৩.৪৪), যুক্তরাষ্ট্র (৮২.৫৪), যুক্তরাজ্য (৮২.২২), নরওয়ে (৮২.১৬), জর্জিয়া (৮২.০৪) ও সুইডেন (৮১.২৭)।

# একশর মধ্যে ১৯.৯৮ স্কোর নিয়ে সোমালিয়া এবারও সূচকের সবারে শেষে, অর্থাৎ ১৯০তম অবস্থানে রয়েছে।

 

বিশ্ব ব্যাংকের এই সূচকে বাংলাদেশের হতাশাজনক অবস্থানের উন্নতি ঘটাতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ব্যবসা পরিবেশ সহজ করতে গতবছর কাজ শুরু করে।

সে সময় বলা হয়, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ শেষে, অর্থাৎ ২০২০ সাল নাগাদ এই সূচকে বাংলাদেশের অবস্থান ১০০ এর নিচে নামিয়ে আনাই সরকারের লক্ষ্য।

ওই লক্ষ্য পূরণ করতে হলে প্রতিবছর বাংলাদেশকে গড়ে ২০ ধাপ করে এগোতে হবে। কিন্তু গত এক বছরে উল্টো এক ধাপ পিছিয়ে গেছে। বাংলাদেশের স্কোরে সামান্য উন্নতি হলেও প্রতিযোগীরা নিজেদের উন্নতি ঘটাচ্ছে আরও অনেক দ্রুত গতিতে।

প্রতিবেশী দেশ ভারত এই সূচকে এক বছরেরই ৩০ ধাপ এগিয়ে ১০০তম অবস্থানে চলে এসেছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে রয়েছে কেবল আফগানিস্তান।

এবারের সূচকে ভুটান ৭৫তম (স্কোর ৬৬.২৭), ভারত ১০০তম (৬০.৭৬), নেপাল ১০৫তম (৫৯.৯৫), শ্রীলঙ্কা ১১১তম (৫৮.৮৬), মালদ্বীপ ১৩৬তম (৫৪. ২৪), পাকিস্তান ১৪৭তম (৫১.৬৫), বাংলাদেশ ১৭৭তম (৪০.৯৯) এবং আফগানিস্তান ১৮৩তম (৩৬.১৯) অবস্থানে রয়েছে।