২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শুরু এপিআইএস স্টিয়ারিং কমিটির প্রথম অধিবেশন

আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য পূরণে এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে (এপিআইএস) সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 12:08 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতিসংঘের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) এপিআইএস স্টিয়ারিং কমিটির দুইদিনব্যাপী অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উদ্বোধনীতে অর্থমন্ত্রী বলেন, “২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা ঘোষণা করে। গত নয় বছরে তথ্য প্রযুক্তি খাতে অনেক অগ্রগতি হয়েছে।”

বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় আছে মন্তব্য করে মুহিত বলেন, “দারিদ্র্যের মতো লজ্জা আমাদের কাটিয়ে উঠতে হবে। দারিদ্র্য দূরীকরণে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‍“ভাবতেই ভালো লাগছে যে, আমি এশিয়ান হাইওয়ে ও ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে আইসিটি ব্যাকবোনকে সম্পৃক্ত করার প্রস্তাব করেছিলাম।

“এসকাপ কমিটি অন আইসিটি আমার সে প্রস্তাব গ্রহণ করার মাধ্যমে এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে (এপিআইএস) উদ্যোগ গ্রহণ করে, এবং বাংলাদেশকে এই এপিআইএসের ওয়ার্কিং গ্রুপের সভাপতি নির্বাচিত করে।”

প্রতিমন্ত্রী পলক বলেন, “এশিয়া-প্যাসিফিক অঞ্চলে তথ্যপ্রযুক্তিভিত্তিক যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করতে জাতিসংঘের এসকাপভুক্ত সকল দেশ মিলে এপিআইএসের ওয়ার্কিং গ্রুপ একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করেছে।

“এপিআইএসের এ মহাপরিকল্পনা বাস্তবায়নে এপিআইএস স্টিয়ারিং কমিটি আগামী দুইদিনে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সমন্বয় এবং বাস্তবায়নের কার্যকর উপায় বের করতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।”

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের সকল নাগরিককে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসতে কাজ করে চলেছি। ২০২১ সালের মধ্যে আমরা সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে সক্ষম হব।

অধিবেশনে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মোফাজ্জল হোসাইন, ইউএনএসকাপের প্রোগ্রাম ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিংয়ের ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি হং জো হাম, এপিআইএস ওয়ার্কিং গ্রুপের সভাপতি ও আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক বক্তব্য রাখেন।

গত বছর ২৯-৩০ অগাস্ট চীনের গুয়াংজুতে এপিআইএস ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় সভায় বাংলাদেশকে এক বছরের জন্য ওয়ার্কিং গ্রুপের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক এপিআইএস ওয়ার্কিং গ্রুপের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্টিয়ারিং কমিটির অধিবেশনের বাংলাদেশ সরকারের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লার্ন এশিয়া বাংলাদেশের সিনিয়র পলিসি ফেলো আবু সাঈদ খান।

এপিআইএসের মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে স্টিয়ারিং কমিটির এই অধিবেশনে জাতিসংঘের এসকাপভুক্ত ৫৬ দেশের প্রতিনিধিসহ দেশি-বিদেশি শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছে।

অধিবেশনে এপিআইএসের মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত কানেক্টিভিটি, ইন্টারনেট ট্রাফিক ম্যানেজমেন্ট, ই-রেসিলিয়েন্স এবং ব্রডব্যান্ড ফর অল- এই চার স্তম্ভ মধ্যবর্তী মেয়াদে (২০১৬-১৮) বাস্তবায়নের লক্ষ্যমাত্রা পূরণের অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।

সংশ্লিষ্টদের ভাষ্য, এই চার স্তম্ভ বাস্তবায়ন এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল বিভাজন দূর করায় ভূমিকা রাখার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে বৈদেশিক ট্রাফিক চলাচলের জন্য বিদ্যমান ব্যয় হ্রাস করবে।

একইসঙ্গে স্বল্প ব্যয়ে উচ্চগতির টেরিস্ট্রিয়াল ইন্টারনেট সংযোগ ব্যবহারের সুযোগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।