নারী উদ্যোক্তাদের ঋণে গ্রেস পিরিয়ড ‘বাধ্যতামূলক’
নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণে গ্রেস পিরিয়ড রাখা ‘বাধ্যতামূলক’ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এবিষয়ে একটি সার্কুলার জারি করে মঙ্গলবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়েছে, কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাত দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম একটি চালিকা শক্তি। দারিদ্র্য বিমোচন, ধনী-দরিদ্র ও আঞ্চলিক বৈষম্য কমানো, নারী-পুরুষের সমতা বিধান ও নারীর ক্ষমতায়ন সর্বোপরি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এ খাত ব্যাপক ভূমিকা রাখছে।
কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তাগণ শিল্প, সেবা ও ব্যবসা খাতে চলতি মূলধনের চাহিদা পূরণে চলমান ঋণ, ব্যবসায় সম্প্রসারণ, সংস্কার কিংবা নতুন ধরনের ব্যবসা শুরুর জন্য স্বল্পমেয়াদী প্রকল্প ঋণ, মধ্যম এবং দীর্ঘ মেয়াদী ঋণ গ্রহণ করে থাকে।
গ্রাহকের চাহিদা ও ব্যবসায়িক প্রয়োজনীয়তার নিরিখে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সময়ের জন্য গ্রেস পিরিয়ড প্রদানের বিধান আছে, যা পুনঃঅর্থায়ন সুবিধা প্রদানের ক্ষেত্রেও বিবেচনা করা হয়ে থাকে।
ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রাতষ্ঠান কর্তৃক কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের গ্রাহক পর্যায়ে বিশেষ করে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণে উদ্যোক্তার ব্যবসায়িক প্রয়োজনীয়তা যথাযথভাবে নিরূপণ না করা এবং তাদের চাহিদা অনুযায়ী ঋণের কিস্তি পরিশোধের জন্য নির্ধারিত গ্রেস পিরিয়ড প্রদানে অনীহা প্রদর্শনের বিষয়টি পরিলক্ষিত হচ্ছে।
দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ব্যবসা-বাণিজ্য ও উৎপাদনশীল শিল্পে কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তাদেরকে অধিকহারে উৎসাহিত করতে উদ্যোগের প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে উদ্যোক্তার চলতি মূলধনের চাহিদা পূরণে চলমান ঋণ মঞ্জুর অব্যাহত রাখার এবং ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ০১ বছর মেয়াদী ঋণের ক্ষেত্রে ৩ মাস এবং মধ্যম ও দীর্ঘ মেয়াদী ঋণের ক্ষেত্রে ৩ থেকে ৬ মাস গ্রেস পিরিয়ড প্রদানের বিষয়টি আবশ্যিকভাবে পরিপালন করতে হবে।
“এক্ষেত্রে গ্রেস পিরিয়ড ঋণের মেয়াদের অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে।”
