২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরাপদ ইন্টারনেট’ নিশ্চিতের আহ্বান তারানার

সবার কাছে ইন্টারনেট পৌঁছানোর পাশাপাশি নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 04:55 PM

Updated : 11 Oct 2022, 02:40 PM

মঙ্গলবার ঢাকার লো মেরিডিয়ান হোটেলে তিনদিনব্যাপী ‘অষ্টম এপিটি সাইবার নিরাপত্তা ফোরামের’ উদ্বোধনীতে অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “সাইবার ক্রাইম বর্তমানে সবচেয়ে বড় বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বৈশ্বিকভাবেই একে মোকাবেলা করতে হবে।

“বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশ দ্রুত ডিজিটাইলাইজেশনে ফোকাস করছে। আমরা টেলিডেনসিটি, ইন্টারনেট পেনিট্রেশন বৃদ্ধিতে, ই-গভনেন্স, ই-কমার্স… ইত্যাদি নীতিমালা করছি। তবে এসব বিষয়ে বিভিন্ন কৌশল নিলেও সাইবার সিকিউরিটি ইস্যুতে পিছিয়ে আছি।”

বাংলাদেশে বর্তমান সাইবার অপরাধের বিষয়ে তারানা বলেন, “সোশাল মিডিয়া... ফেইসবুক ও অন্যান্য মাধ্যমে সাইবার বুলিং, হেইট স্পিচ হচ্ছে। ইন্টারনেটে আপত্তিকর বিষয়ে অনেক নারী ও মেয়েরা আত্মহত্যা করেছে।”

সাইবার নিরাপত্তায় বিটিআরসি ও এনটিএমসির উদ্যেগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একসাথে কাজ করতে চাই।”

ফোরামে অংশ নেওয়া দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, সবার জন্য ইন্টারনেট নিশ্চিতের পাশাপাশি নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার উদ্যেগে নিতে হবে।

এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিযোগাযোগ সংস্থা-এপিটি এর উদ্যোগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান হচ্ছে।

এতে ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা অগ্রগতি অর্জন করলেও সাইবার নিরাপত্তায় পিছিয়ে আছি।

“বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ বিষয় বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সাইবার নিরাপত্তা কারিকুলামে নেই, এ বিষয়গুলো দেখা দরকার।”

সাইবার নিরাপত্তায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) অনেক কাজ করার রয়েছে মন্তব্য করে সচিব বলেন, বিটিআরসি সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক প্রচারণা করতে পারে। এছাড়া বিটিআরসির নিজস্ব গবেষণা ও ফরেনসিক ল্যাব থাকা দরকার।

সাইবার নিরাপত্তায় বিটিআরসির নেতৃত্ব নেওয়া উচিত বলে মনে করেন টেলিযোগাযোগ সচিব।  

উদ্বোধনীতে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, সাইবার নিরাপত্তায় আরো কাজ করার সুযোগ রয়েছে। এই ফোরামের মাধ্যমে সাইবার নিরাপত্তায় অংশীজনরা দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সচেতন হতে পারবেন। 

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি, আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থা, টেলিকমের বিভিন্ন সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ, ভারত, চীন, কোরিয়া, মালেশিয়া, শ্রীলংকা, আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, টোঙ্গা, ভানুয়াতুসহ ১৪টি সদস্য দেশ, সহযোগী সদস্য দেশ, সম্পর্কযুক্ত সদস্য সংস্থা এবং অন্যান্য টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রায় শতাধিক প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন।