ফেইসবুকেই মিলবে খাবার
যুক্তরাষ্ট্রের ফেইসবুক ব্যবহারকারীরা এখন থেকে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে খাবার কিনে নিয়ে যেতে পারবেন বা তাদের কাছে সরাসরি খাবার পৌঁছে দেওয়া হবে।
এই সেবা দেওয়ার জন্য শিপোটল মেক্সিকান গ্রিল ইংক, জ্যাক ইন দ্য বক্স ইংক, ফাইভ গাইস ও পাপা জন’স ইন্টারন্যাশনাল ইংকসহ বেশ কয়েকটি রেস্তোরাঁর সঙ্গে ফেইসবুকের চুক্তি হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে জনপ্রিয় তথ্যপ্রযুক্তি খাতের এই কোম্পানি এক ব্লগ পোস্টে বলেছে, ইটস্ট্রিট, ডেলিভারি ডটকম, ডোরড্যাশ ও ওলোর মতো খাদ্য সরবরাহকারীদের সঙ্গেও তাদের চুক্তি হয়েছে।
ফেইসবুকের ‘এক্সপ্লোর’ মেনুতে ‘অর্ডার ফুড’ সেকশনে গেলে কাছাকাছি থাকা চুক্তিবদ্ধ রেস্তোরাঁগুলোর একটি তালিকা পাওয়া যাবে, যেখানে খাবারের অর্ডার দেওয়া যাবে।
কোনো রেস্তোরাঁর ফেইসবুক পেইজের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা খাবারের অর্ডার দিতে পারবে বলে একবছর আগে কোম্পানিটির দেওয়া প্রতিশ্রুতি বাস্তব রূপ পেল।
এদিকে নতুন এই সেবা দেওয়ার খবরে খবরে শুক্রবার ফেইসবুকের শেয়ারের দর ১ শতাংশ বেড়ে যায়। অন্যদিকে খাবারের অর্ডার ও সরবরাহ সেবাদাতা গ্রাবহাব ইংকের শেয়ারের দরপতন হয় ৩ শতাংশের মতো।
এর আগে গত মাসে অ্যাপলবি’স ও শিপোটলসহ অনেকগুলো রেস্তোরাঁর নেটওয়ার্ক ওলোর সঙ্গে অ্যামাজন রেস্তোরাঁর গাঁটছড়া বাঁধার পরও গ্রাবহাবের শেয়ারের দরপতন হয়েছিল।
