২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুয়াওয়ের ‘মেটবুক’ এল বাজারে

ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য টু-ইন-ওয়ান ফ্ল্যাগশিপ ল্যাপটপ ‘মেটবুক’ সিরিজ বাজারে এনেছে হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 01:13 AM

Updated : 11 Oct 2022, 02:36 PM

বৃহস্পতিবার রাজধানীর র্যা ডিসন হোটেলে এক অনুষ্ঠানে সহজে বহনযোগ্য ও উচ্চ কর্মদক্ষতাসম্পন্ন এই ল্যাপটপ সিরিজের বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে জানায়, দাপ্তরিক কাজে সহায়তা করার কথা মাথায় রেখেই ল্যাপটপগুলো উচ্চ কর্মদক্ষতাসম্পন্ন, সহজে বহন ও ব্যবহারযোগ্য করে তৈরি করা হয়েছে।

মেটবুকে রয়েছে সপ্তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর, সর্বোচ্চ ১৬ জিবি ডিডিআরফোর র্যা ম, সর্বোচ্চ ২৫৬ জিবি সলিড-স্লেট ড্রাইভের সাথে সর্বোচ্চ ১টিবি হার্ডডিস্ক। মেটবুকটির ওজন ৬৪০ গ্রাম।

হুয়াওয়ে জানায়, মেটবুক সিরিজের ল্যাপটপগুলোতে ‘কুলিং ফ্যানের’ বদলে ‘স্পেস কুলিং টেকনোলজি’ ব্যবহার করা হয়েছে, ফলে এগুলো ওজনে হালকা এবং তাপমাত্রা সবসময় ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। এছাড়া এতে রয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি, টাচ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আই প্রটেকশন।

‘যারা ফ্লেক্সিবিলিটি চান, তাদের কথা মাথায় রেখেই আমরা এই মেটবুক বাজারে এনেছি,” বলেন হুয়াওয়ে এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট ঝ্যাং লিন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ক্রিকেট দলে খেলোয়াড় ও হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা চেন উইসহ হুয়াওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সম্ভাবনার দিকটি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী হুয়াওয়েকে বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানান।

বিনিয়োগের দ্বার আরও প্রসারিত করতে এরই মধ্যে বিনা শুল্ক ও প্রণোদনায় বিভিন্ন পণ্যে আমদানি করার নীতিমালা করা হয়েছে বলে জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী।