২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে একজোট গ্রামীণফোন-ব্র্যাক

নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে প্রচার বাড়াতে ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 06:58 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

বৃহস্পতিবার ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় অপারেটরটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘নিরাপদ ইন্টারনেট’ কর্মসূচি মূলত স্কুলগামী শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করবে, পাশাপাশি এর মাধ্যমে ইন্টারনেটে তাদের করণীয় এবং কি করা যাবে না সে সম্পর্কে জানানো হবে।

গ্রামীণফোন এখন পর্যন্ত দেশজুড়ে ৫০০ স্কুলে নিরাপদ ইন্টারনেট বিষয়ে বিভিন্ন প্রচার ও দায়িত্বশীলভাবে ইন্টারনেট ব্যবহারে গাইডবই বিতরণের মাধ্যমে ৮০ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছেছে।

ব্র্যাকের সহায়তায় এ বছর প্রতিষ্ঠানটি দেশের আরও ২৫০ স্কুলে ৫০ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে। এর আগেও গ্রামীণফোনের নিরাপদ ইন্টারনেট বিষয়ক উদ্যোগের অংশীদার হিসেবে কাজ করেছে ব্র্যাক।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন, “সবাই বিশেষত, শিশুরা যেন তাদের হাতের কাছে থাকা প্রযুক্তির মধ্য থেকে সেরাটা গ্রহণ করতে পারে, সেজন্য নিরাপদ ইন্টারনেট নিয়ে সচেতনতা বৃদ্ধিকে নিজেদের দায়িত্ব হিসেবে বিবেচনা করে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।

“নিরাপদ ইন্টারনেট নিয়ে আমাদের কর্মসূচির চার বছর হল। আর নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে সচেতনতার লক্ষ্য অর্জনেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের বিশ্বাস, মানুষের মধ্যে ইন্টারনেট ও এর সুবিধা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাজে অসমতা দূর করা সম্ভব।”

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তার অংশ হিসেবে অনলাইনে শিশুর নিরাপত্তা নিয়ে কাজ করাকে নির্বাচন করেছে গ্রামীণফোন ও টেলিনর গ্রুপ।

শিশুরা যাতে আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব নিয়ে ইন্টারনেট ব্যবহার করার পাশাপাশি এ মাধ্যমে যোগাযোগ এবং সঠিক সিদ্ধান্ত নেয়, সে লক্ষ্যেই কাজ করছে এ উদ্যোগ।

ব্র্যাকের স্ট্র্যটেজি, কমিউনিকেশন ও এমপাওয়ারমেন্টের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ বলেন, “দায়িত্বশীলভাবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শিশু ও অবিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গ্রামীণফোনের সহযোগী হতে পেরে ব্র্যাক অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস, দেশের ভবিষ্যতের নেতৃত্বদানকারীদের শিক্ষিত ও সামাজিকভাবে দায়বদ্ধভাবে করে গড়ে তোলার ক্ষেত্রে ৫০ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছানোর যে লক্ষ্য, যৌথভাবে তা অর্জনে আমরা সক্ষম হবো।”

সংবাদ সম্মেলনে গ্রামীণফোন ও ব্র্যাকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।