২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাজে লাগাতে পারলে গার্মেন্টকেও ছাড়াবে পর্যটন আয়’

বাংলাদেশে পর্যটন শিল্পের যে  সম্ভাবনা রয়েছে তাকে কাজে লাগানো গেলে এটি বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের প্রধান খাত হবে বলে মন্তব্য করেছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 11:55 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বুধবার সকালে শাহবাগে শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, পৃথিবীর পথে পথে মানুষের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতি সৃষ্টির পাশাপাশি একটি দেশকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে পর্যটন শিল্পের বিকাশের বিকল্প নেই।

“তাই সরকার পর্যটনকে উন্নয়নের  অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।”

পর্যটনের সম্ভবনাকে কাজে লাগাতে পারলে এ খাত থেকে আয় গার্মেন্টের আয়কেও ছাড়িয়ে যাবে বলে মনে করেন তিনি।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি), বাংলাদেশ পর্যটন কর্পোরেশন( বিপিসি) ও বিভিন্ন পর্যটন সংস্থার আয়োজনে সকাল ৮টায় একটি বর্ণাঢ্য র‌্যালি মৎস্যভবন থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব মো. ইমরান, বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা  মো. নাসির উদ্দিন, বিপিসির চেয়ারম্যান আখতারুজজামান খান কবির, ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াব, ট্রিডাব, ট্রিয়াভসহ বিভিন্ন সংস্থার কয়েক হাজার সদস্য র‌্যালিতে অংশ নেন।

র‌্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের চেয়ারম্যান সাকের আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

বিকালে পর্যটনমন্ত্রী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে পর্যটন দিবস উপলক্ষে একটি মেলা উদ্বোধন করেন।

১৯৮০ সালে  জাতিসংঘ ২৭ সেপ্টেম্বরকে ‘বিশ্ব পর্যটন দিবস’ ঘোষণা করে। ‘টেকসই পর্যটন: উন্নয়নের মাধ্যম’ প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি পালিত হয়।