২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা দুর্গতদের কৃষি ও ক্ষুদ্র ঋণের জন্য ব্যাংকগুলোকে ছাড়

এখন থেকে স্বল্প মেয়াদি কৃষি ও ক্ষুদ্র ঋণের জন্য ব্যাংকগুলোকে আগের তুলনায় দেড় শতাংশ কম সঞ্চিতি রাখতে হবে, বন্যা দুর্গত এলাকায় ঋণ বিতরণ উৎসাহিত করতে এই ছাড় দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 06:48 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) জারি করা একটি সার্কুলারে ব্যাংকগুলোর স্বল্প মেয়াদি কৃষি ও ক্ষুদ্র ঋণ বিতরণের জন্য ১ শতাংশ সঞ্চিতি রাখার কথা বলা হয়েছে।

আগে এজন্য ২ দশমিক ৫ শতাংশ প্রভিশন (সঞ্চিতি) রাখতে হত।

‘প্রভিশন’ বেশি রাখলে ব্যাংকের ব্যয় বেড়ে যায় বলে সেই খরচ কমাতেই এই সুযোগ দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবু ফারহা মো. নাছের জানিয়েছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কম প্রভিশন রাখার সুযোগ দিয়ে আমরা ব্যাংকগুলোর খরচ কমিয়ে দিলাম, যেন বন্যা দুর্গত এলাকায় ঋণ দেয় । কিছু দিন আগে আমরা সুদের হারও কমিয়েছি।

“ফলে ব্যাংকগুলোর কাছে এখন বাড়তি কিছু টাকা থাকবে এবং সেগুলো খাটিয়ে তারা ব্যাবসা করতে পারবে।”

সাব-স্ট্যান্ডার্ড ও সন্দেহজনক স্বল্প মেয়াদি কৃষি ও ক্ষুদ্র ঋণ হলে সেখানে আগের মতোই সঞ্চিতি ৫ শতাংশ রাখতে হবে।

আর অনাদায়যোগ্য স্বল্প মেয়াদি কৃষি ও ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে সঞ্চিতি রাখতে হবে ১০০ শতাংশ।