২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচা চামড়ার ব্যবসায় মন্দা

কোরবানির ঈদের দিন ঘুরে ঘুরে কাঁচা চামড়া সংগ্রহ করে ‘ভালো দাম’ না পেয়ে বিপাকে পড়েছেন মৌসুমী চামড়া বিক্রেতারা।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2017, 05:36 PM

Updated : 11 Oct 2022, 02:29 PM

ঈদের পরদিন রোববার ঢাকার হাজারীবাগে গিয়ে দেখা যায়, গরুর চামড়া সরকার নির্ধারিত দামে প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হলেও ছাগলের চামড়া ফুট হিসেবে বিক্রি না করে আকার ভেদে ৩০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

মৌসুমি বিক্রেতারা বলছেন, হাজারীবাগের ট্যানারি মালিকরা এবার চামড়া কিনতে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না।

সরকার ছাগলের চামড়ার জন্য প্রতি বর্গফুট ২০ টাকা দাম নির্ধারণ করে দেওয়ায় প্রতিটি চামড়ার জন্য ১০০ থেকে ১২০ টাকা পাওয়ার কথা। কিন্তু ট্যানারি মালিকরা পুরো চামড়ার জন্য ৩০ থেকে ৫০ টাকার বেশি দিতে চাইছেন না।      

মিরপুরের একটি মাদ্রাসার এক শিক্ষক জানান, যারা কোরবানি দেন তারা গরুর চামড়া নিজেরা বিক্রি করে দিলেও অনেকে ছাগলের চামড়া মাদ্রাসা এতিমখানায় দান করে দেন। এর বাইরে মাদ্রাসা এতিমখানার লোকজন নিজেরাও চামড়া সংগ্রহ করে। সংগ্রহ করা চামড়ার সঙ্গে দানের চাড়মা মিলিয়ে বিক্রি করছেন বলে শেষ পর্যন্ত হয়ত লোকসান হবে না, কিন্তু তেমন কোনো লাভও থাকবে না।   

তবে আবহাওয়া ভালো থাকায় গতবারের তুলনায় এবার দেশে কোরবানির পশুর চামড়ার মান ভালো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ লেদার অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচারার্স কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মো. আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাজারিবাগের ট্যানারিগুলো সাভারে স্থানান্তরের প্রক্রিয়ায় থাকায় এবার চামড়া কেনার চাহিদা কমে গেছে।

“ছোট ট্যানারিগুলো বন্ধ হয়ে যাওয়ায় ছাগল বা ভেড়ার চামড়া ও গরুর মাথার চামড়া প্রক্রিয়া করার ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে হাজারিবাগে। ফলে এবার এ চামড়ার চাহিদা নেই।”

চামড়ার দাম ও চাহিদা কমে যাওয়ার ব্যাখ্যায় ব্যবসায়ী আরিফ বলেন, হাজারীবাগে ছোট বড় প্রায় চারশ ট্যানারি ছিল। সেগুলো বন্ধ হয়ে সাভারে চালু হয়েছে মাত্র অর্ধশতাধিক ট্যানারি। এর মধ্যে মাত্র চার-পাঁচটি ট্যানারি আছে, যারা গরুর মাথার চামড়া ও ছাগলের চামড়া প্রক্রিয়াজাত করতে পারে। হাজারীবাগের ছোট ট্যানারিগুলো স্থায়ীভাবে বন্ধ হয়েছে গেছে।

“গত বছর আমি নিজে দুই হাজার পিস চামড়া কিনেছিলাম। এবার কিনেছি মাত্র ৮০০ পিস। আজকের দিন মিলিয়ে হয়তো এক হাজার হবে। এবার কোরবানিও কম হয়েছে, পাশাপাশি চামড়ার দামও কম।”

ব্যবসায়ীরা বলছেন, অনেক ট্যানারির কাছে গতবছরের চামড়াও জমা আছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও চামড়ার দাম কম। আর কাঁচা চামড়া সংরক্ষণে লবণ লাগে। এবার লবণের দাম ছিল অনেক বেশি। চামড়া সংগ্রহের মৌসুমে এসবের প্রভাব পড়েছে।

কাঁচা চামড়ার দাম ও চাহিদা কমার কারণ

>> সাভারে সব কারখানা চালু না হওয়া

>> আন্তার্জাতিক বাজারে চাহিদা কমে যাওয়া

>> লবণের দাম ২৫ টাকার বেশি থাকা

>> ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া

>> অনেক ট্যানারিতে এখনও গত বছরের চামড়া জমা

এম এইচ লেদারের মালিক আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছর তিনি ১৮ থেকে ২০ হাজার চামড়া কিনেছিলেন। এবার কিনেছেন মাত্র ৫ হাজার।

হাজারীবাগের কারখানা বন্ধ করে দেওয়ায় ব্যবসার এই মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান মালেক।

“আমরা সাভারে প্লট পাইনি। হাজারীবাগের সব মেশিনপত্র বন্ধ হয়ে আছে। তাই কাচা চামড়া কেনার দিকে বেশি গুরুত্ব দিইনি। ব্যবসা ধরে রাখার জন্য কিছু চামড়া কিনেছি। এখন হোয়াইট ব্লু, ফিনিশিংসহ প্রয়োজনীয় কাজগুলো অর্ডার দিয়ে অন্যের কারখানায় করাব।”

শিল্প সচিব মোহাম্মদ আবদুল্লাহ জানান, হাজারীবাগে ১৫৫টি ট্যানারি ছিল। সেগুলোর মধ্যে ৬৭টি সাভারে চালু হয়েছে।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম সাখাওয়াত উল্লাহ বলেন, গতবছর লক্ষ্যের চেয়ে ১০ শতাংশ বেশি চাড়মা সংগ্রহ হয়েছিল। এবার লক্ষ্য পূরণ না হলেও কাছাকাছি পৌঁছাবে বলে তারা মনে করছেন।  

এবার গরুর ৫০ লাখ, মহিষের ৫ লাখসহ ছাগল-ভেড়া মিলিয়ে ৮০ লাখ পিস চামড়া সংগ্রহ হবে বলে আশা করছেন সাখাওয়াত উল্লাহ।

ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বছরে থেকে ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। এর মধ্যে ৬৪ দশমিক ৮৩ শতাংশ গরুর চামড়া, ৩১ দশমিক ৮২ শতাংশ ছাগলের, ২ দশমিক ২৫ শতাংশ মহিষের এবং ১ দশমিক ২ শতাংশ ভেড়ার চামড়া। এর অর্ধেকের বেশি আসে কোরবানির ঈদের সময়।