‘শ্রেষ্ঠ ডিজিটাল দেশি ব্যাংক’ সিটিব্যাংক এনএ
আর্থিক খাতের একটি ম্যাগাজিনের তালিকায় শ্রেষ্ঠ ‘ডিজিটাল দেশি ব্যাংকের’ স্বীকৃতি পাওয়ার কথা জানিয়েছে সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।
টানা দশম বারের মত এ স্বীকৃতি পাওয়ার তথ্য জানানো হয় সোমবার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে।
গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তৈরি করা তালিকায় এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলে ‘কর্পোরেট ব্যাংকিং বিভাগে’ এ স্বীকৃতি পেয়েছে বেসরকারি এই ব্যাংকটি।
সিটিব্যাংক ওই তালিকার পাঁচটি ‘আঞ্চলিক সাব-ক্যাটাগরি পুরস্কার’ পেয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এগুলো হলো- শ্রেষ্ঠ উদ্ভাবনী ডিজিটাল ব্যাংক, শ্রেষ্ঠ অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট, শ্রেষ্ঠ অনলাইন ট্রেজারি সার্ভিসেস, শ্রেষ্ঠ মোবাইল ব্যাংকিং এবং শ্রেষ্ঠ মোবাইল ব্যাংকিং অ্যাপ।
প্রতিষ্ঠানটির ট্রেজারি অ্যান্ড ট্রেড সলিউশনস (টিটিএস) প্রধান মইনুল হক বলেন, অধিকাংশ ব্যবসা পরিচালনার ধরনে আমূল পরিবর্তন এনেছে ডিজিটাল ব্যাংকিং।
“সিটিব্যাংক সর্বোৎকৃষ্ট প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে উদ্ভাবনী সমাধান ডিজাইন করে তার গ্রাহকদের ‘ট্রেজারি ম্যানেজমেন্ট’ এবং ‘ট্রেডের’ চাহিদা পূরণ করে আসছে।”
