২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোনাস নিয়ে বিক্ষোভে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

পুরনো স্কেলে প্রণোদনা বোনাসের সিদ্ধান্তে ক্ষোভ দেখা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 05:17 PM

Updated : 19 Aug 2022, 05:24 PM

সোমবার সকাল থেকে বিক্ষোভের পর কর্মকর্তারা গভর্নর ভবনের সামনে অবস্থান নেন। তবে গভর্নর ফজলে কবির তাদের থামাতে পারেননি।

রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়, ২০১৫ সালের জুনের মূল বেতনের পাঁচ গুণ প্রণোদনা বোনাস দেওয়া হবে।

কর্মকর্তারা সবশেষ মূল বেতন অনুযায়ী প্রণোদনা বোনাস দাবি করছেন।

প্রচলিত নিয়মে সবশেষ মূল বেতনের স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস দেওয়া হলেও এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা।

তারা বলছেন, এটা হলে ২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদানকারীদের প্রণোদনা বোনাস কীভাবে দেওয়া হবে? এ সময়ে যারা পদোন্নতি পেয়েছেন, তাদের কেন পুরনো স্কেলে বোনাস নিতে হবে?