বন্যার্তদের মধ্যে গ্রামীণফোনের ত্রাণ বিতরণ শুরু
গ্রামীণফোন দেশের বন্যাদুর্গত মানুষের জন্য দশ কোটি টাকার ত্রাণ বিতরণ শুরু করেছে।
অপারেটরটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় গ্রামীণফোন ২৩ অগাস্ট থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দশ জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে।
এই কার্যক্রমের আওতায় আগামী কয়েক সপ্তাহে ৫৩ হাজারের বেশি পরিবারকে খাদ্য সহায়তা ও ১২ হাজার রোগীকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে বলে জানায় গ্রামীণফোন।
গ্রামীণফোনের কর্মীরাও বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করেছেন, যা কোম্পানির প্রদত্ত অর্থের সাথে যোগ করে ত্রাণ দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন এলাকার গ্রামীণফোন কর্মীরা ত্রাণ বিতরণে রেড ক্রিসেন্টকে সহায়তা করছেন।
