২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লী সঞ্চয় ব্যাংকে অনলাইন ব্যাংকিং শুরু

পল্লী সঞ্চয় ব্যাংকে অনলাইন ব্যাংকিং চালু করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 05:15 PM

Updated : 19 Aug 2022, 05:21 PM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকের অনলাইন রিয়েল টাইম কোর ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন।

ব্যাংকের নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বগুড়ার শিবগঞ্জ এবং সিলেট সদর শাখায় এই কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পে’ সকল সুবিধাবঞ্চিত মানুষ যুক্ত হলে পল্লী সঞ্চয় ব্যাংকের নাম ‘সঞ্চয় ব্যাংক’ হবে।

তিনি বলেন, “এই ব্যাংক যখন শুরু করি তথন একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, একটি বাড়ি একটি খামার প্রকল্প সেটাকে আমরা আর রাখব না, প্রজেক্টটাই এই ব্যাংকে পরিবর্তিত হবে, কিন্তু কিছুদিন পর দেখলাম এটি করা ঠিক হবে না কারণ একটি বাড়ি একটি খামার প্রকল্পে সারা দেশের মানুষ এখনো আসেনি।

“আমি আশা করছি এক সময় যারা প্রকল্পে আসার উপযুক্ত তারা সকলে এই প্রকল্পের আওতায় আসবে, তখন একটি বাড়ি একটি খামার প্রকল্প থাকবে না, অরজিনাল যে আইডিয়াটা ছিল এটি হবে সঞ্চয় ব্যাংক। কত জলদি সেটা হয় এটি দেখবার বিষয়।”

“আমরা বিশ্বাস করি ২০২০-২১ সালের পর একটি বাড়ি একটি খামার প্রকল্পের আর প্রয়োজন হবে না, তখন হবে সঞ্চয় ব্যাংক,” বলেন অর্থমন্ত্রী।  

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার জানান, মৌসুমী ‍ঋণ ও কৃষি খামার সৃজনে একটি বাড়ি একটি খামার প্রকল্প পল্লী অঞ্চলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ইতিমধ্যে প্রকল্পের আওতায় ৪০ হাজার ২১৫টি সমিতির মাধ্যমে প্রায় ২২ লাখ সুবিধাবঞ্চিত পরিবারকে সংগঠিত করা হয়েছে। সমিতির সদস্যরা এ পর্যন্ত এক হাজার ১৪২ কোটি টাকা সঞ্চয় করেছেন।  

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতউল্লাহ আল মামুন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।