হাওরের উন্নয়নে সরকারের পাশে থাকবে এফবিসিসিআই
হাওর অঞ্চলের উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে ব্যবসায়ীদের শর্ষি সংগঠন এফবিসিসিআই।
শনিবার ফেডারেশনের সভাকক্ষে হাওর নিয়ে এক আলোচনাসভায় সংগঠনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, তিনি বলেন, “এই অঞ্চলের উন্নয়নের জন্য ড্রেজিং থেকে শুরু করে বাঁধ নির্মাণ পর্যন্ত যেসব কাজ করা দরকার সেজন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থা, পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে তাদের এগিয়ে আসতে হবে। আর এই কাজে সরকারের পাশে থেকে এফবিসিসিআই কাজটাকে এগিয়ে নিয়ে যাবে।”
‘বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি অব হাওর রিজিয়ন’ শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তাজউদ্দিন।
এফবিসিসিআই সভাপতি বলেন, “হাওরে কিছু এলাকা আছে যেখানে এখনো তিনদিন লেগে যায় পৌঁছতে। না রিকশা চলে, না গাড়ি চলার রাস্তা আছে। এমন সব জায়গার উন্নয়ন কাজে সরকারের পাশে এফবিসিসিআই সবসময় থাকবে।”
একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ সবজি এবং মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে চার নম্বরে রয়েছে। সুতরাং এই হাওরকে আরো নতুনভাবে কীভাবে উন্নয়ন করা যায় সেটা ভাবতে হবে। এখানে যে সম্ভাবনাগুলো আছে সেগুলোকে কীভাবে ধরে রাখা যায় সেদিকেও আমাদের কাজ করতে হবে।”
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সাধারণ সম্পাদক মীর শাহাবুদ্দিন মোহাম্মদ, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আব্দুর রহমান সরকার, বিএডিসির পরিকল্পনা বিভাগের প্রধান ফেরদাউস রহমান প্রমুখ।
