কোরবানির ঈদে ৫ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্য ওয়ালটনের
আসন্ন ঈদুল আজহায় পাঁচ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্য ঠিক করেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন।
কোরবানির ঈদে বাজারে ফ্রিজের চাহিদা বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে এ লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি জুলাই ও অগাস্টে পাঁচ লাখের মতো ফ্রিজ বিক্রির টার্গেট নির্ধারণ করা হয়েছে, যা গত কোরবানি ঈদের বিক্রির তুলানায় প্রায় ২৭ শতাংশ বেশি।
গত বছর কোরবানি ঈদের আগে চার লাখের মতো ফ্রিজ বিক্রি হয়েছিল তাদের।
ওয়ালটনের কর্মকর্তারা জানান, রোজার ঈদের পরপরই ওয়ালটন কারখানায় ফ্রিজের উৎপাদন বাড়ানো হয়েছে। প্রতিদিন তৈরি হচ্ছে ছয় থেকে সাত হাজার ফ্রিজ।
প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা বলেন, “কোরবানির ঈদের আগে ফ্রিজের ব্যাপক চাহিদা দেখা যায়। সেজন্য রোজার পরপরই উৎপাদন থেকে শুরু করে বিপণন পরিকল্পনা তৈরি করেছি আমরা।”
ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার বলেন, ওয়ালটনের প্রতি ভোক্তাদের আস্থা বেড়েছে। আমদানি করা ফ্রিজের তুলনায় দেশে তৈরি ওয়ালটন ফ্রিজ অনেক উচ্চমানের, দামেও সাশ্রয়ী।
