স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সঙ্গে গ্রীন ডেল্টার দ্বিতীয় ধাপের চুক্তি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এবং গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের মধ্যে 'স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি' প্রকল্পের চুক্তিতে সই হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
গ্রীন ডেল্টা এই প্রকল্পের সঙ্গে প্রথম যুক্ত হয় ২০১৬ সালের ২৪ মার্চ। এবার 'স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি' প্রকল্পের দ্বিতীয় ধাপের জন্য গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স আবার স্কিম অপারেটর হিসেবে নিযুক্ত হল।
এই প্রকল্পের দ্বারা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের জন্য বিনামূল্যে ক্ষুদ্রবীমা চালু করা হয়েছে।
প্রাথমিকভাবে টাঙ্গাইল জেলার ৩টি উপজেলায় এই প্রকল্প শুরু হয়েছে। কালিহাতী, ঘাটাইল ও মধুপুরের ৩০ হাজার পরিবার এই বীমা সুবিধা পাচ্ছে।
১০০০ টাকার প্রিমিয়াম (সরকার প্রদত্ত) এ বছরে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রতি পরিবার স্বাস্থ্য সেবা পাবে। এই সেবা প্রদান করবে স্থানীয় সরকারি হাসপাতালগুলো।
দ্বিতীয় ধাপের এই চুক্তিতে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম এবং গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
