২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিক্ষণ নিলেন চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডের ২২ কাউন্সিলর

চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডের ২২ জন স্যোশাল কাউন্সিলরকে ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 09:36 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসবিসি ব্যাংকের সিএসআর কার্যক্রমের অধীনে এই প্রশিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বেপজা) সহযোগিতায় এবং এমআরডিআইর ‘ফিন্যান্স শিখি, অর্থ বুঝি’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বেপজার প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (দক্ষতা উন্নয়ন) মো. আশরাফুল কবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে করপোরেট ব্যবসায়ীদের অধিক মনোযোগ ইপিজেড শ্রমিকদের কল্যাণে সরাসরি ভূমিকা রাখবে। ”

এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এই কার্যক্রমে সহযোগিতার জন্য বেপজা এবং এইচএসবিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “ইপিজেড কর্মীদের সঞ্চয়ের গুরুত্ব এবং কষ্টার্জিত অর্থের সঠিক ব্যয় বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। ইপিজেড কর্মীদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত সোশাল কাউন্সিলররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন, যা কর্মীদের দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে সহায়তা করবে।”

বেপজার মহাব্যবস্থাপক (পিআর) নাজমা বিনতে আলমগীর তার সমাপনী বক্তব্যে আরও নিবিড় শ্রমিকবান্ধব নীতিমালা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরের সাথে অ্যাডভোকেসি কার্যক্রম চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।