২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিএল’র আলোকচিত্র প্রদর্শনীতে প্রথম আহসানুল

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কর্মীদের তোলা আলোকচিত্র নিয়ে একটি প্রদর্শনী সম্প্রতি শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 10:37 PM

Updated : 19 Aug 2022, 05:01 PM

শিল্পী হাশেম খান গত ৬ জুন রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হওয়া তিন দিনের এ প্রদর্শনী উদ্বোধন করেন বলে রোববার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইবিএল’র কর্মীদের তোলা ৩৩টি আলোকচিত্র স্থান পায় এ প্রদর্শনীতে। প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘ল্যান্ডমার্ক অব বাংলাদেশ’।

গত শনিবার প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে শিল্পী হাসান এস. চন্দন, শফিকুর আলম কিরণ এবং জান্নাতুল মাওয়াকে নিয়ে গঠিত বিচারক দল ইবিএল কর্মীদের পাঠানো আলোকচিত্র থেকে ৩৩টি ছবি প্রদর্শনীর জন্য বাছাই করেন।

এর মধ্যে শ্রেষ্ঠ ১২টি আলোকচিত্র ইস্টার্ন ব্যাংকের ২০১৭ সালের ক্যালেন্ডারে স্থান পেয়েছে।

ইবিএল’র কনজ্যুমার ব্যাংকিং বিভাগের সৈয়দ আহসানুল করিম অন্তরের তোলা ‘অসমাপ্ত মুঘল মন্যুমেন্ট’ ছবিটি পেয়েছে প্রথম পুরস্কার। এছাড়া মোস্তাফিজুর রহমানের ‘অ্যাবেন্ডন্টমেন্ট’ দ্বিতীয় এবং মোহাম্মাদ জুবায়ের রহমানের “এক্সকাভেশন” তৃতীয় স্থান লাভ করে।

ইস্টার্ন ব্যাংক ২০১২ সাল থেকে নিয়মিতভাবে নিজস্ব কর্মীদের জন্য ‘সিম্পল প্লেজার অব লাইফ’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজন করে আসছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।