২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতের সঙ্গে যৌথ শিল্পে কমবে বাণিজ্য বৈষম্য’

ভারতের সঙ্গে বাণিজ্য বৈষম্য কমাতে যৌথ শিল্প সহায়ক হতে পারে বলে মত দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এজন্য তিনি ভারতীয় ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 05:15 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে দুই দেশের বাণিজ্য ঘাটতির চিত্র তুলে ধরে তিনি বলেন, “দ্বিপক্ষীয় বাণিজ্য বরাবরই ভারতের অনুকূলে রয়েছে এবং বাণিজ্য বৈষম্য ক্রমেই বেড়ে চলেছে।

“যৌথ উদ্যোগে কৃষিভিত্তিক এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার মাধ্যমে এ বাণিজ্য বৈষম্য কমানো যেতে পারে।”

তিনি জানান, ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানির পরিমাণ এক বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০১৬-১৭ অর্থবছরে ছয় বিলিয়ন ডলার হয়েছে। সেসঙ্গে অনানুষ্ঠানিক খাতে প্রায় তিন বিলিয়ন ডলার ভারতীয় রপ্তানির বিপরীতে বাংলাদেশের রপ্তানি মাত্র অর্ধ বিলিয়ন ডলার।

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত ‘কৃষি, হর্টিকালচার ও প্রক্রিয়াজাত খাদ্য শিল্পখাতের ওপর ব্যবসায়িক সম্মেলনে’ প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী।

সম্মেলনে বাংলাদেশ থেকে ফল, সবজি, আলু, খাদ্যশস্য, চাল, মশলা, মাংস, পোল্ট্রি এবং প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বসেছেন ভারতের ৫০ জন রপ্তানিকারক, যেটাকে ‘ক্রেতা-বিক্রেতা ব্যবসায়িক সম্মেলন’ বলছেন আয়োজকরা।

কৃষি ও কৃষিজাত পণ্যসহ বিভিন্নখাতে বিনিয়োগের প্রয়োজনে একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ভারতীয় ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন শিল্পমন্ত্রী আমু।

তিনি বলেন, “বাংলাদেশে বিরাজমান স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় শিল্প উদ্যোক্তারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। এর ফলে বাংলাদেশে ভারতের বিনিয়োগ বাড়বে। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগকৃত শিল্প কারখানায় উৎপাদিত পণ্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পুনঃরপ্তানির সুযোগ তৈরি হবে।”

ওই রাজ্যগুলোতে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিশাল সুযোগ রয়েছে মন্তব্য করে আমির হোসেন আমু বলেন, “বিশেষ করে, ভৌগোলিক নৈকট্য এবং স্বল্প পরিবহন ব্যয়ের ফলে এই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। কৃষিখাতে বাংলাদেশের সম্ভাবনা ব্যাপক।”

যৌথ বিনিয়োগের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে শিল্পমন্ত্রী বলেন, “বাংলাদেশি উদ্যোক্তারাও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যৌথ বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রেও আমাদের সরকার উদার নীতি গ্রহণ করবে।”

দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

তিনি বলেন, “সম্প্রতি ২১টি বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কেবল বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন দ্বারা অনুমোদন পেলেই সেগুলো রপ্তানি করা যাবে। ভারতের দিক থেকে মান নিয়ন্ত্রণের প্রয়োজন আর পড়বে না।”

হাই কমিশনার বলেন, “ব্যবসায়ীরাও এক্ষেত্রে মিলিত হয়েছেন। কারণ একক বাণিজ্য ও বিনিয়োগের বিপরীতে যৌথ বিনিয়োগ ও যৌথ বাণিজ্য হচ্ছে উত্তম পন্থা।”

অনুষ্ঠানে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “বর্তমান বাণিজ্য কিংবা ভবিষ্যত বিনিয়োগের ক্ষেত্রে আমাদের এখানে অপার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গে বাংলাদেশের কৃষি ও কৃষিজাত পণ্য বাণিজ্যের সম্ভাবনা বেশি। আমরা আরো বেশি বাণিজ্য ও বিনিময়ে বিশ্বাস করি বলে আজকে এখানে মিলিত হয়েছি।”

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি তাসকীন আহমেদ বলেন, “ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাব, তার যেন কেবল আমদানির জন্য না এসে বিনিয়োগের জন্য আসেন। এখানে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। বিগত কয়েক বছর দুই দেশের সরকারের সদিচ্ছার কারণে এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।”

অন্যদের মধ্যে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক রাজীব সিংহ, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ডিইন্ডাস্ট্রির সচিব জাহাঙ্গীর বিন আলম বক্তব্য দেন।