২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানার বয়লারও পরিদর্শন করতে চায় অ্যাকর্ড

গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানা ‘মাল্টিফ্যাবসের’ বয়লার বিস্ফোরণে ১৩ জনের প্রাণহানি ও বহু হতাহতের পর কারখানার বয়লার নিরাপত্তার বিষয়টিও পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত করার চিন্তা করছে ইউরোপিয় ক্রেতাদের জোট অ্যাকর্ড।

ফয়সাল আতিক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 08:14 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নিজেও বয়লার নিরাপত্তার দিকে নজর দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে সংগঠনটির কর্মকর্তারা জানিয়েছেন।

সাভারে রানা প্লাজা দুর্ঘটনার পর ইউরোপীয় ক্রেতাদের ৪৫টি ব্র্যান্ড নিয়ে ২০১৩ সালের ১৩ মে অ্যাকর্ড গঠিত হয়। বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে অবকাঠামো, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা নিয়ে গত চার বছর ধরে কাজ করছে তারা।

গত ৩ জুন সন্ধ্যায় কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামের একটি কারখানার ডাইং সেকশনের বয়লার বিস্ফোরিত হলে চারতলা কারখানা ভবনের একপাশের দোতলা পর্যন্ত ধসে পড়ে। ওই ঘটনায় ১৩ জন নিহত হয়, আহত হয় প্রায় অর্ধশত মানুষ।

তদন্তকারীরা জানিয়েছেন, ওই বয়লারের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল। ঈদের ছুটির পর কারখানা খোলার আগের দিন কর্তৃপক্ষ বয়লারের মেইন স্টপ ভাল্ভ বন্ধ রেখে প্রেসার তৈরির চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়।

দুর্ঘটনা ও শ্রমিক হতাহতের ঘটনায় সমবেদনা প্রকাশ করে অ্যাকর্ডের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালে ফায়ার, ইলেকট্রিক্যাল ও স্ট্র্যাকচারাল ইঞ্জিনিয়ারদের একটি তদন্ত দল ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় অ্যাকর্ড ইঞ্জিনিয়ারদের প্রতিবেদন সর্বোচ্চ গুরুত্বসহকারে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করা হবে।

কী ঘটেছিল, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী ধরনের সংশোধনী পদক্ষেপ প্রয়োজন তা প্রতিবেদন থেকে জানা যাবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, অ্যাকর্ড ২০১৪ ও ২০১৫ সালে প্রাথমিকভাবে মাল্টিফ্যাবস লিমিটেডের ফায়ার, ইলেকট্রিক্যাল ও অবকাঠামোগত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে।

কারখানাটির বয়লার রুমের জন্য সুপারিশ করা ফায়ার সেপারেশন ব্যবস্থা (কোথাও আগুন লাগলে তা অন্যখানে না ছড়ানোর ব্যবস্থা) সম্পন্ন হয়েছে অ্যাকর্ড ইঞ্জিনিয়ারদের ফায়ার সেইফটি পরিদর্শনের পর ২০১৬ সালের ২৬ অক্টোবর দেওয়া ফলোআপ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় বর্তমানে পোশাক কারখানাসহ সারা দেশের শিল্প কারখানার বয়লারের নিরাপত্তার বিষয়টি দেখছে। অ্যাকর্ড কারখানার নিরাপত্তা নিয়ে কাজ করলেও বয়লারের বিষয়ে তাদের কোনো কর্মসূচি ছিলনা।

অ্যাকর্ড জানায়, ফায়ার সেপারেশনের কাজ হলো যে রুমে বয়লার রয়েছে সেখানে আগুন লাগলে তা শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ রাখা। বয়লার বিস্ফোরণের মতো সমস্যার ক্ষেত্রে ফায়ার সেপারেশন কার্যকর নয়। এই ঘটনার আলোকে এর গুরুত্বকে প্রাধান্য দিয়ে অ্যাকর্ড মূল্যায়ন করে দেখবে- তাদের পরিদর্শনকাজে বয়লার পরিদর্শনের বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় কিনা।

বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বয়লারের নিরাপত্তার বিষয়টি দেখার মতো বিশেষজ্ঞ বিজিএমইএর নেই। বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড কারখানার নিরাপত্তা নিয়ে কাজ করলেও বয়লার নিয়ে তাদের কর্মসূচি ছিলনা।

নতুন বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে বয়লারের নিরাপত্তার বিষয়ে নজর দেওয়া যায় কিনা তা বিজিএমইএও বিবেচনা করছে বলে জানান বাবু।