১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মার্কেন্টাইল ব্যাংকের সম্মাননা
বিভিন্ন ক্ষেত্রে ‘বিশেষ অবদান’ রাখায় ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক অনুষ্ঠানে দেশের সাত গুণী ব্যক্তি, তিন প্রতিষ্ঠান এবং একটি গ্রামকে এ সম্মাননা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ছিলেন বিশেষ অতিথি।
সম্মাননা পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো- মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মফিদুল হক, বাংলা ভাষা ও সাহিত্যে কবি আসাদ চৌধুরী, সংস্কৃতিতে ছায়ানট, শিক্ষায় ড. সৈয়দ আনোয়ার হোসেন, চিকিৎসায় ডাঃ সামন্ত লাল সেন, সাংবাদিকতায় ইকবাল সোবহান চৌধুরী, অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণায় দেবপ্রিয় ভট্টাচার্য, শিল্প ও বাণিজ্যে সালাহউদ্দিন আলমগীর, বিজ্ঞান ও প্রযু্ক্তিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, সমাজ বিনির্মাণে সূচনা ফাউন্ডেশন এবং ক্রীড়ায় (ফুটবল) কলসিন্দুর গ্রাম।
মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহ্সানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান।
