বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান
ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক যোগাযোগ বাড়াতে ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য দেশটির রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।
বুধবার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রাম চেম্বারের এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ জামাল আহমদ বলেন, ভিয়েতনাম বাংলাদেশ থেকে চামড়া, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, ঔষধের পাশাপাশি ‘নন-ট্র্যাডিশনাল’ পণ্য আমদানি করলে দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য আসবে।
চট্টগ্রামের আনোয়ারা ও মিরসরাইয়ে নির্মাণাধীন বিশেষায়িত অঞ্চলে বিনিয়োগ করার জন্যও ভিয়েতনামের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকায় ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া বলেন, নানা ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্য প্রসারের প্রচুর সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত দ্বিপক্ষীয় বাণিজ্য সন্তোষজনক নয়।
বাংলাদেশ যেখানে ভিয়েতনাম থেকে বছরে সাড়ে পাঁচশ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, সেখানে রপ্তানির পরিমাণ ৬০ মিলিয়ন ডলারের কম।
এই ঘাটতি কমিয়ে আনতে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রদূত।
এ ক্ষেত্রে সদ্য গঠিত বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ চেম্বার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে নির্মাণাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে যৌথ বিনিয়োগের পরিকল্পনা ভিয়েতনামের রয়েছে।
ভিয়েতনাম থেকে আসা জাহাজ থেকে দ্রুত পণ্য খালাসে চট্টগ্রাম চেম্বারের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
অন্যদের মধ্যে বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এস এম রহমান, ভিয়েতনাম দূতাবাসের থার্ড সেক্রেটারি ট্রান ব্য সন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক এ কে এম আকতার হোসেন ও মাহফুজুল হক শাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
