মোবাইল ফোন রিসাইক্লিং করবে গ্রামীণফোন
পরিবেশের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সারাদেশে ব্যবহৃত মোবাইল ফোনসেট রিসাইক্লিংয়ের উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সোমবার রাজধানীর ফার্মগেটে গ্রামীণফোন সেন্টারে ‘মোবাইল হ্যান্ডসেট রিসাইক্লিং’ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রাইসুল আলম মণ্ডল।
গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গ্রামীণফোন সেন্টারগুলোতে ড্রপবক্স স্থাপনের মাধ্যমে অব্যবহৃত বা বাতিল মোবাইল হ্যান্ডসেটগুলো সংগ্রহ করা হবে। এরপর আন্তর্জাতিক মান বজায় রেখে রিসাইকেল করা হবে। এর মাধ্যমে ডিভাইসগুলো ভেঙ্গে এর বিভিন্ন উপাদান পুনরায় ব্যবহার উপযোগী করা হবে।
এক্ষেত্রে ডিভাইসের মধ্যে পুনর্ব্যবহারের উপযোগী সব উপকরণসহ সম্ভাব্য ক্ষতিকর সব উপাদান সঠিকভাবে প্রক্রিয়াজাত করার ব্যবস্থা থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোনে পারদ, ক্যাডমিয়াম, সীসা, বেরিলিয়াম এবং অগ্নি প্রতিরোধকসহ একাধিক ক্ষতিকর রাসায়নিক উপাদান রয়েছে। এসব ফোনসেট সঠিকভাবে ধ্বংস না করা হলে কিংবা মাটিতে মিশে গেলে মোবাইল ফোন থেকে নির্গত ক্ষতিকর উপাদান মাটি ও খাবার পানি দূষিত করতে পারে।
মোবাইল ফোনের বিভিন্ন ক্ষতিকর দিকের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মোবাইল ফোনে ব্যবহৃত ক্যাডমিয়ামই ছয় হাজার লিটার পানি দূষণের জন্য যথেষ্ট। মোবাইল ফোন নির্মাণে ব্যবহৃত অগ্নি প্রতিরোধক উপাদান, সীসা ও বেরিলিয়াম ক্যান্সার, যকৃত এবং স্নায়ুতন্ত্রের ক্ষতিসহ অনেক ঝুঁকিপূর্ণ রোগের কারণ হতে পারে। মোবাইল ফোনের ডিসপ্লে ও সার্কিট বোর্ডে ব্যবহৃত পারদ মস্তিষ্ক ও কিডনির ক্ষতি করতে পারে। এক চা চামচ পরিমাণ পারদ বিশ একরের একটি লেকের পানি আজীবনের জন্য দূষিত করে ফেলতে পারে।
রিসাইক্লিংয়ের জন্য দেওয়া ফোন কোনো অবস্থাতেই বিক্রি করা হবে না কিংবা পুনরায় ব্যবহার করা হবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্যান্ডসেটগুলো মাটি চাপা না দিয়ে বরং সঠিক উপায়ে ভেঙ্গে ফেলা হবে এবং প্রাপ্ত উপাদানগুলো নতুন পণ্য তৈরিতে ব্যবহার করা হবে।
উপাদানগুলো পুনর্ব্যবহারোপযোগী করার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের চাহিদা কমাতে সহায়তার পাশাপাশি জ্বালানি ব্যবহার হ্রাস এবং ভবিষ্যতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমিয়ে আনা সম্ভব হবে বলে এতে উল্লেখ করা হয়।
বিটিআরসির মহাপরিচালক (স্পেকট্রাম বিভাগ) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
