‘আই-গভার্নেন্স’ ফ্রেমওয়ার্কের চিন্তা বিডার
বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে ‘দ্রুততম সময়ের মধ্যে’ একটি আই-গভার্নেন্স ফ্রেমওয়ার্ক প্রণয়ন করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা।
বিশ্ব ব্যাংকের ব্যবসায় পরিবেশের সূচকে শীর্ষ দেশ নিউ জিল্যান্ড ও সিঙ্গাপুর ঘুরে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার মতবিনিময়ে একথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।
আইন মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শহীদুল হকের নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দলে বিশ্ব ব্যাংক গ্রুপের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ, বেসরকারি খাত বিশেষজ্ঞ মিয়া রহমত আলী এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) পরামর্শক আসিফ ইব্রাহিম ছিলেন।
ব্যবসায় পরিবেশের দিক থেকে বিশ্বের সবচেয়ে ভালো চর্চাগুলো কেমন তা দেখতে ওই দেশগুলো সফর করেন প্রতিনিধি দলের সদস্যরা।
জ্যেষ্ঠ সচিব বলেন, নিউ জিল্যান্ডে অনলাইনে একটি কোম্পানির নিবন্ধনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে মাত্র ৩৫ মিনিট লাগে।
“এই কারণে ৪৫ লাখ মানুষের দেশ নিউ জিল্যান্ডে ৫ লাখ ৭০ হাজার পাবলিক লিমিটেড কোম্পানি রয়েছে।”
নিউ জিল্যান্ড ই-গভার্নেন্স থেকে আই-গভার্নেন্সে প্রবেশ করেছিল বলে জানান তিনি।
আই-গভার্নেন্স বলতে বোঝায় সমন্বিত পরিচালন পদ্ধতি, যেখানে আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসংস্থার সমন্বয় নিশ্চিত করা হয়।
“ব্যবসায় পরিবেশের উন্নয়নে আমাদের এটা চালু করতে হবে,” বলেন আমিনুল ইসলাম।
