ঢাকায় বিরলা গ্রুপের হাসপাতাল তথ্যকেন্দ্র
বাংলাদেশি রোগীদের জন্য নিজেদের তিনটি হাসপাতালের সেবা বিষয়ে ঢাকায় একটি তথ্য কেন্দ্র ও একটি আউটরিচ ক্লিনিক চালু করেছে ভারতের সি কে বিরলা গ্রুপ।
বাংলাদেশের রোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরিতে ঢাকাভিত্তিক একটি কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে এ তথ্যকেন্দ্র ও আউটরিচ সেন্টার চালু করা হয়েছে।
ধানমন্ডির রিফ্লেক্ট মেডিকেল সেন্টারে তাদের আউটরিচ ক্লিনিক স্থাপন করা হয়েছে।
সি কে বিরলা গ্রুপের মালিকানায় কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, বিএম বিরলা হার্ট রিসার্চ সেন্টার এবং রুকমানি বিরলা হাসপাতাল রয়েছে, যেগুলো একত্রে সি কে বিরলা হাসপাতাল হিসেবে পরিচিত।
ভারতের এই তিন হাসপাতালে বাংলাদেশ থেকে প্রতি বছর পাঁচ হাজার রোগী চিকিৎসার জন্য যায় বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানান সি কে বিরলা হাসপাতাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম বোস।
তিনি বলেন, “এখন আমরা মধ্যবর্তী লোকজনদের এড়িয়ে রোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরিতে এই কেন্দ্র খুলেছি।”
ভারতে তাদের হাসপাতালগুলোয় চিকিৎসা নেওয়ার পর রোগীরা এখন ঢাকার ডিজিটাল কেন্দ্র থেকে টেলি-কনসালটেন্সির মাধ্যমে ফলোআপে থাকতে পারবেন বলে জানান তিনি।
