দেশের ৫২ শতাংশ ব্যাংক সাইবার ঝুঁকিতে: বিআইবিএম
দেশের ৫২ শতাংশ ব্যাংক সাইবার ঝুঁকিতে রয়েছে বলে এক জরিপের বরাত দিয়ে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-বিআইবিএম।
বৃহস্পতিবার বিআইবিএম অডিটোরিয়ামে ‘আইটি অপারেশন অব ব্যাংক’ শীর্ষক এক কর্মশালায় ওই জরিপের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
ব্যাংকারদের মধ্যে বিআইবিএম পরিচালিত এ জরিপের প্রতিবেদনে সাইবার ঝুঁকির মধ্যে থাকা ৫২ শতাংশ ব্যাংকের মধ্যে ১৬ শতাংশ ব্যাংক চরম ঝুঁকির মধ্যে আর বাকি ৩৬ শতাংশ ব্যাংক উচ্চ ঝুঁকিতে রয়েছে বলা হয়।
কর্মশালার একটি পর্বে সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে এ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান।
প্রতিবেদন থেকে তিনি জানান, দেশের ৩২ শতাংশ ব্যাংক মধ্য ঝুঁকিতে রয়েছে। আর ১২ শতাংশ ব্যাংক কম ঝুঁকিতে এবং মাত্র ৪ শতাংশ ব্যাংক একেবারে কম ঝুঁকিতে রয়েছে বলে জরিপে উঠে এসেছে।
সাইবার ঝুঁকি কমানোর জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো উচিত বলছেন জরিপ পর্যবেক্ষণ দলের সদস্য বিআইবিএমের সহযোগী সদস্য মো. মাহবুবুর রহমান আলম।
অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমানে এখাতের জন্য যে বরাদ্দ দেওয়া হচ্ছে, তা যথেষ্ট নয়। এটা বড় দুর্বলতা। আমরা যথেষ্ট চেষ্টা করলেও দৃশ্যমান উন্নতি হচ্ছে না। এ জন্য দরকার আইটি গভর্ন্যান্স।”
ব্যাংকগুলোর আইটি অডিটে দুর্বলতা দেখতে পাওয়ার কথা জানিয়ে মাহবুবুর রহমান বলেন, “বর্তমানে ব্যাংকগুলোতে যেভাবে আইটি অডিট করা হয়, তাতে ৫০ শতাংশ অডিটে দুর্বলতা রয়েছে।
“কারণ নিচুর সারির (এন্ট্রি লেভেল) কর্মকর্তাদের দিয়ে অডিট করানো হয়। এসব কর্মকর্তারা ব্যাংকের উচ্চ ও মধ্য পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে ভয় পান।”
অডিট দক্ষতা না বাড়াতে পারলে এ দুর্বলতা রয়ে যাবে বলে মনে করেন তিনি।
বিআইবিএমের এ সহযোগী সদস্য বলছেন, ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকগুলো সাইবার সিকিউরিটি মোকাবিলায় এখনও প্রস্তুত নয়। এমনকি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক হয়েছে। অর্থাৎ ঝুঁকি আগের মতোই রয়েছে।
.
কর্মশালার উদ্বোধন করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, “দেশের ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা প্রায় সবগুলো ব্যাংকই বিদেশি সফটওয়্যার ব্যবহার করছে। প্রথমত এসব সফটওয়্যার দেশীয় সফটওয়্যারের চেয়ে কঠিন। তাই কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য বিদেশ থেকে প্রকৌশলী আনতে হয়।”
তিনি বলেন, “আমার মনে হয় আমাদের দেশীয় সফটওয়্যার ব্যবহার করলে সমস্যা অনেক কমে যাবে। একইসঙ্গে খরচও অনেক কমে যাবে। আর কোনো সমস্যা হলেও দেশের লোকবল দিয়ে তা সমাধান করা যাবে।”
কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটি আইটি সিকিউরিটি গাইডলাইন তৈরি করেছে জানিয়ে ব্যাংকগুলোতে আইটি নিরাপত্তা বাড়াতে সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের এই ডেপুটি গভর্নর।
