ঢাকায় মেডিকেল সরঞ্জাম প্রদর্শনী শুরু
ঢাকায় ‘সেমস্ গ্লোবাল’ এর উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী মেডিকেল পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী।
বৃহস্পতিবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে প্রদর্শনীর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আগের চেয়ে এখন অনেক উন্নত। কিডনি প্রতিস্থাপনের মতো জটিল কাজ দেশে সম্ভব হচ্ছে। ভবিষ্যতে লিভার প্রতিস্থাপনও সম্ভব হবে।”
দেশে ১৫০ রেডিও থেরাপি মেশিনের চাহিদা থাকলেও এ ধরনের মাত্র ১৫টি মেশিন রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
আয়োজক মেহেরুন এন ইসলাম বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের সমৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনী থেকে ক্রেতা, পরিবেশক ও উদ্যোক্তারা স্বাস্থ্য সেবার আনুষঙ্গিক উপকরণ ও নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন।
‘১০ম মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’, ‘৩য় বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০১৭’ এবং ‘ইন্টারন্যাশনাল হেল্থ ট্যুরিজম এন্ড সার্ভিসেস এক্সপো ২০১৭’ এই তিন বিভাগে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
আগামী ৬ মে শেষ হতে যাওয়া এই প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
ফ্রান্স, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, জার্মানি, বেলজিয়াম, ফিনল্যান্ড, স্পেন, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ইংল্যান্ড, তাইওয়ান, চীন, তুরস্ক, হাঙ্গেরি, কোরিয়া, ভারত ও বাংলাদেশের স্বাস্থ্যখাতের খ্যাতনামা প্রায় ১২০টি প্রতিষ্ঠান ২০০টি স্টলের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
প্রদর্শনীতে থাকছে মেডিক্যাল, সার্জিক্যাল, হেল্থ কেয়ার, ক্লিনিক্যাল ল্যাব ইক্যুইপমেন্ট এবং ফার্মাসিউটিক্যাল ইক্যুইপমেন্টসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতির বিশাল সমাহার।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সেলিনা বেগম, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট শওকত আলী সরকার এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।
